দাকোপ প্রতিনিধি
আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন কাপ খাটাইল শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় হা-ডুডু প্রতিযোগিতা-২০২৪ খাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খাটাইল শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় হা-ডুডু প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বি,এন,পি’র সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল মান্নান খান, পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন, সদস্য সচিব আল-আমিন সানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। আয়োজক কমিটি ও স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ আয়োজন। এই হা-ডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।











































