Home আন্তর্জাতিক ইউক্রেনে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

17


অনলাইন ডেস্ক।।
রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা ‘নজিরবিহীন’। আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, আজ বৃহস্পতিবার সকালের হামলায় রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হেনেছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় দিনিপ্রোর ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে কোন ধরনের আইসিবিএম দিয়ে হামলা চালানো হয়েছে এবং হামলায় ক্ষয়ক্ষতি সম্বন্ধে কিছু জানায়নি কিয়েভ।

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আজ রাশিয়া নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। এটি একটি ঊচ্চগতির আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হামলা নিয়ে তদন্ত চলছে।’

সাধারণত হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আইসিবিএম। পারমাণবিক অস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এ ধরনের ক্ষেপণাস্ত্র।

এর আগে গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূ-খণ্ডে হামলা চালায়। ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন পূর্ণ হয় মঙ্গলবার। এদিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করে ইউক্রেন।

এদিকে গতকাল বুধবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভেতরে আক্রমণ চালানো হয়, তার অর্থ হবে, ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল।