স্পোর্টস ডেস্ক
দর্শনীয় এক গোলে পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে জিতিয়েছেন লাওতারো মার্তিনেজের। ফলে আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির শিষ্যরা।
বুধবার লা বোমবেনারো স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে মার্তিনেজ ৩২তম গোলের দেখা পেয়েছেন। ৭০ ম্যাচে এই গোলগুলি করেন তিনি। একইসঙ্গে এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচেও উঠে এলেন মার্তিনেজ। যেই তালিকায় আগে থেকেই বসে রয়েছেন ডিয়েগো ম্যারাডোনা!
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলের অপেক্ষার অবসান ঘটান লাওতারো মার্তিনেজ। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে গোল ৩৪টি হলেও ২টি গোল বিশ্ব একাদশ ও লিগ অব আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে। এ দুটি ম্যাচকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) অফিশিয়াল স্বীকৃতি দেয়নি। সে হিসেবে ম্যারাডোনার গোলসংখ্যা ৩২। জাতীয় দলের হয়ে ম্যাচপ্রতি ম্যারাডোনার গোল গড় যেখানে ০.৩৭, মার্তিনেজের সেখানে ০.৪৪।
বিশ্বকাপ বাছাইয়ে সব মিলিয়ে ১০ গোল করা মার্তিনেজ গত জুলাইয়ে কোপা আমেরিকাতেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা (৫)। গোল করেছিলেন ফাইনালেও। আর্জেন্টিনার হয়ে এ বছর ১৬ ম্যাচে ১১ গোল করেছেন মার্তিনেজ। এ বছর আর্জেন্টিনার হয়ে তাঁর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। ১০ ম্যাচে ৬ গোল মেসির।











































