স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার ফুটবলারদের কড়া বার্তা দিয়ে রাখলেন লিওনেল স্কালোনি। এই কোচ জানান, আলবিসেলেস্তার জার্সিতে খেলতে হলে সবাই নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে হবে যথেষ্ট পরিমাণে। এমনকি সেখানে দেখাতে হবে নিজের দক্ষতা। এমন শর্ত পূরণ হলেই সুযোগটি মিলবে দলে। তবে সেই কঠোরতা প্রযোজ্য হবে না লিওনেল মেসির জন্য। কোচ জানিয়ে দিয়েছেন, তাদের জাদুকর লিওনেল মেসি থাকবেন না এই নিয়মের আওতায়।
মূলত ক্লাবে ভালো করেই জাতীয় দলে জায়গা করে নিতে হয় ফুটবলারদের। কিন্তু গত কোপা আমেরিকার পর থেকে সূচি এতটা ঠাসা ছিল যে, আর্জেন্টিনা দল বাছাইয়ের ক্ষেত্রে চেনা ধারা অনুসরণ করেননি স্কালোনি। তবে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে লড়াইয়ের আগের দিন আর্জেন্টিনা কোচ জানালেন, এই ম্যাচের পর থেকে নিয়মিত ধারায় ফিরে যাবেন তিনি।
স্কালোনি বলেন, ‘ওদেরকে খেলতে দেখা (ক্লাবের হয়ে) প্রয়োজন আমাদের। কোপা আমেরিকার পর এই ছয়টি ম্যাচ ছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে। এজন্য বাইরে থেকে কাউকে আনার সময় খুব একটা ছিল না। কাপ জয়ের আনন্দে আমাদের ভাসিয়েছে যারা, মূলত তাদের দিয়েই চালিয়ে নিতে চেয়েছি আমরা। তবে এখন থেকে সবাইকে খেলতে হবে (ক্লাবের হয়ে)।’
তিনি আরও বলেন, ‘তাদের খেলা দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারব কার ফুটবল কোন পর্যায়ে আছে। সবসময়ই অবশ্য এরকম হয়ে আসছে, শুধু এই সময়টা (গত ছয় ম্যাচ) ব্যতিক্রম ছিল।’
কিন্তু স্কালোনি জানান মেসিই কেবল এখানে ছাড় পাবেন। তিনি বলেন, ‘লিওর ক্ষেত্রে… ব্যাপারটি একটু ভিন্ন। সে সবসময়ই খেলবে। যখন সে বিশ্রাম নেবে (ক্লাবের হয়ে), তখনও খেলবে (জাতীয় দলে)। কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা হবে না, ওদের খেলার মধ্যে থাকাটা জরুরি।’
এদিকে শুধু আর্জেন্টিনার অধিনায়ক ও মহাতারকা বলেই নয়, মেসির ক্ষেত্রে আলাদা নিয়মের অন্য বাস্তবতা তুলে ধরলেন আর্জেন্টিনা কোচ, ‘লিওর গোটা বছরের দিকে যদি তাকান, প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন, যাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে, এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার জন্য সবসময় শতভাগ থাকা কঠিন এবং এটায় আমি সমস্যা দেখি না, এটা স্বাভাবিকই। চোটের কারণে কিছুদিন বাইরে ছিল, এছাড়া সবসময় তো সে আমাদের সঙ্গে ছিলই।’











































