স্পোর্টস ডেস্ক
এবার জাতীয় দলে জার্সি গায়ে তুখোড় নৈপুণ্য দেখালেন আর্লিং ব্রট হালান্দ। আর উয়েফা নেশনস লীগের শীর্ষ স্তরে জায়গা করে নিলো নরওয়ে। রোববার ‘বি’ লীগের ম্যাচে কাজাখস্তান ৫-০ গোলে হারায় নরওয়েজিয়ানরা। ম্যাচে হ্যাটট্রিক করে অধিনায়ক হালান্দ। নেশনস লীগে ‘বি’ লীগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লীগে উঠলো নরওয়ে। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নরওয়ে গ্রুপ সেরা। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। স্লোভেনিয়া ৮ পয়েন্ট নিয়ে তিনে আর তলানিতে কাজখস্তানের পয়েন্ট ১।
আর্লিং হালান্দ দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পথে। রোববার ২৩, ৩৭ ও ৭১তম মিনিটে জাল ছুঁয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। হালান্দের শেষ গোলটির আগে ও পরে জালের দেখা পান আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।
ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে হালান্দের এটি ২৫তম হ্যাটট্রিক। এর মধ্যে চারটি দেশের হয়ে। সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক তিনি করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। আর সালসবুর্গের হয়ে পাঁচটি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চারটি ও মোল্ডার হয়ে একটি হ্যাটট্রিক রয়েছে তার।
জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে হালান্দের মোট গোল হলো ৩৮টি। এবারের নেশনস লীগে এখন পর্যন্ত সাত গোল করে তিনিই তালিকার শীর্ষে। চলতি মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিন হ্যাটট্রিকে মোট ২২ গোল হয়ে গেল হালান্দের।











































