Home খেলাধুলা ওয়ানডে হারলেও টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

ওয়ানডে হারলেও টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

16


স্পোর্টস ডেস্ক||

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২২ বছর পর কোনো সিরিজ জিতেছিল পাকিস্তান। ওয়ানডেতে অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে দেয় দলটি। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছেন রিজওয়ান-বাবররা। তাতেই এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ১৩ রানে জয় পায় অস্ট্রেলিয়া।


আজ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ব্যাটার ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। দলের একমাত্র ফিফটি করা উসমান খান ৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫২ রানে স্পেন্সার জনসনের শিকার হন। শেষদিকে ইরফান খান ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকলেও দলকে জয় পাইয়ে দিতে পারেননি। অধিনায়ক রিজওয়ান করেন ২৬ বলে ১৬ রানের ধীর গতির ইনিংস।

অজি বোলারদের মধ্যে ৫ উইকেট দখল করেন পেসার জনসন। দুটি উইকেট পান অ্যাডাম জাম্পা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে ৫২ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আব্বাস আফ্রিদির বলে বোল্ড হওয়া ম্যাথিউ শর্ট ১৭ বলে সর্বোচ্চ ৩২ রান করেন। তবে শেষ দিকে ২৩ বলে ২৮ রান করে দলের স্কোর সম্মানজনক স্থানে নিয়ে যান অ্যারন হার্ডি।

পাকিস্তান বোলারদের মধ্যে ফর্মে থাকা হারিস রউফ ৪টি উইকেট পান। আব্বাস ৩টি উইকেট লাভ করেন।