ঢাকা অফিস।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। শুক্রবার জুমার নামাজের পর তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান।
এ সময় উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন আবু সাঈদ এবং মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতি ফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে।
ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এ সময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
তিনি বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে। এতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান উপাচার্য।









































