Home খেলাধুলা ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি: গাভি

ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি: গাভি

20


স্পোর্টস ডেস্ক

হাঁটুর গুরুতর চোট কাটিয়ে ৩৩৫ দিন পর মাঠে ফিরেছেন গাভি। তার ফেরাটাকে দারুণভাবে স্বাগতম জানিয়েছেন বার্সেলোনার সমর্থকরা। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার।

রবিবার অলিম্পিক স্টেডিয়ামে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ৮৩তম মিনিটে আরেক তরুণ মিডফিল্ডার পেদ্রির বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী গাভি। তাকে অধিনায়কের আর্মব্যান্ডও পরিয়ে দেন ম্যাচে একটি গোল করা পেদ্রি।

এর আগে গত বছরের নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচে বল নিয়ন্ত্রণ নেওয়ার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান গাভি। চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। হাঁটুর এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) পুরোপুরি ছিঁড়ে যায় তার। একইসঙ্গে ল্যাটেরাল মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়।

চোটের কারণে পরে অস্ত্রোপচার করাতে হয় তার। শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। স্পেনের হয়ে খেলতে পারেননি জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে, যেখানে ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশরা। গত মাসে তিনি বার্সেলোনার অনুশীলনে ফেরেন। অবশেষে নামতে পারলেন মাঠে।

এদিকে মাঠে ফিরতে পেরে খুশি গাভি কঠিন সময়ে পাশে থাকার ধন্যবাদ জানালেন সতীর্থ ও সমর্থকদের। তিনি বলেন, ‘অনেক মাস ধরে এই স্বপ্ন দেখেছি (মাঠে ফেরার)। আমার সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার জন্য প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছে। সবচেয়ে কঠিন বিষয় হলো খেলতে না পারা, বাইরে থেকে দেখা। এটা হতাশাজনক, খুব কঠিন। ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’