Home খেলাধুলা বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া উপদেষ্টা

বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া উপদেষ্টা

14


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রস্তুতি চলছে। এবার নির্বাচন কেন্দ্র করে বাফুফে ভবনে আকস্মিক আগমন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বাফুফে ভবনে সাধারণ সম্পাদকের সঙ্গেই কিছুক্ষণ আলাপ করে সংবাদ সম্মেলন কক্ষে যান তিনি।

বাফুফে সফর নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,‘বিসিবিতে গিয়েছিলাম। বাফুফে নির্বাচন চলছে। এ নিয়ে অনেক কিছুই শুনছি, অভিযোগও আছে। এজন্য আজ বাফুফেতে আসা। এ নিয়ে কথা বললাম।’

তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সন্দিহান খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টা,‘বাফুফের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এ নিয়ে আমি সন্দিহান। আগের অনেক কাউন্সিলরই এখানে রয়েছেন। যাদের অনেকে পলাতক ও আসামী এ রকমটা শুনেছি। ফিফার বাধ্যবাধকতা, বাফুফের নিয়মের দিকে সম্মান রাখতে হচ্ছে।’

চার দিন পরেই বাফুফে নির্বাচন। নতুন কমিটির সঙ্গে কিছু কাজ করতে চান উপদেষ্টা, ‘ফিফার সঙ্গে কিছু বিষয় আলোচনা প্রয়োজন। বাফুফের মাধ্যমে আমরা সেটি করব’।

এদিকে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করেন তিনি,‘প্রান্তিক পর্যায়ে এখনো ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ২০১০ সালের পর থেকে জাতীয় পর্যায়ে সেই জনপ্রিয়তা নেই। এজন্য বাফুফে অনেকাংশে দায়ী যারা দায়িত্বে ছিলেন। এমনও শুনেছি, এখানে পৃষ্ঠপোষকতা আসলে ৭০% ব্যয় হয় বাকি ৩০% পকেটে যেত।’