দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার সকাল ৯টায় চালনা পৌরসভার পারচালনা ভ্যান স্টেশন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো এখনো পর্যন্ত তার কোন সঠিক কারণ জানা যায়নি।
ভূক্তভোগী ব্যবসায়ী মাওঃ আতিকুর রহমান জানায়, শনিবার সকালে তিনি তার ঔষধের দোকান খোলা রেখে বাজারে যান। পরে বেলা ৯টায় একজন তাকে ফোনে আগুন লাগার সংবাদ জানালে সাথে সাথে তিনি চলে আসেন। এসময় আসে পাশের অসংখ্য লোক এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষনে আগুনের লেলিহান শিখায় দোকানের ঔষধসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে তার দোকানে বিদ্যুত সংযোগ ছিলো না এবং কিভাবে আগুনের সূত্রপাত হলো তা তিনি জানাতে পারেনি। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এছাড়া পাশে রফিকুল শেখের চা দোকান পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট চালনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশীষ ঢালী বলেন আগুনে পুড়ে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভা থেকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতা করা হবে।










































