Home আঞ্চলিক দিনবদলের পথে উপকূলের নারীরা

দিনবদলের পথে উপকূলের নারীরা

20

সাতক্ষীরা প্রতিনিধি।।

বনে বাঘ, পানিতে কুমির, ডাঙ্গায় লোনা- এই নিয়ে বসবাস সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের। এছাড়া নদীর বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় তাদের জীবনেরই অংশ হয়ে গেছে। প্রতিবছর এসব প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার তাদের শেষ সম্বলটুকু হারিয়ে হয় সর্বস্বান্ত। তবে, উপকূলীয় এলাকায় ছাগল-ভেড়া পালন ও বসতবাড়ির আঙিনায় শাক-সবজি চাষে স্বামীর পাশাপাশি পরিবারে ভূমিকা রাখছেন সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের নারীরা।

এতে পুরুষ নির্ভর হতদরিদ্র পরিবারের নারীরা স্বামীর সঙ্গে সঙ্গে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও জীবনমান উন্নয়নেও হয়ে উঠছেন গুরুত্বপূর্ণ অংশীদার। আর সচ্ছলতা ফিরেছে এসব হতদরিদ্র পরিবারগুলোতে।

উপকূল জেলা সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি ও মাটি লবণাক্ত হওয়ায় হতদরিদ্র পরিবারে পুরুষরা মূলত দেশের বিভিন্ন প্রান্তের ইটভাটায় শ্রমিক, সুন্দরবন নির্ভর, গভীর সমুদ্রে মাছ ধরা এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে রিকশা চালকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পরিবারের নারীদের প্রয়োজনীয় কিছু পেতে দিনের পর দিন পুরুষদের উপর নির্ভর করে অপেক্ষার প্রহর গুনতে হতো। এই অপেক্ষার পালাকে আরো ভারী করে তোলে প্রতিবছরের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগ।

বর্তমানে দিনবদলের অগ্রযাত্রায় এসব অঞ্চলের নারীরা পরিবারে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনার আশ্রয় প্রকল্পের লুৎফা বেগম বলেন, স্বামীর উপার্জনের উপরই নির্ভর করে সংসার চলতো। প্রথমে বাড়ির অঙিনায় সবজি চাষ করেছিলাম। সবজির ফলন ভালো হওয়ায় নিজেরা খাওয়ার পর বাজারে বিক্রয় করে গত বর্ষা মৌসুমে প্রায় ১০-১২ হাজার টাকা হাতে এসেছে। চলতি শীত মৌসুমে বড় পরিসরে বাড়ির আঙিনাসহ পাশের জমিতে সবজি চাষ শুরু করেছি। এখন সংসারে স্বামীর পাশাপাশি নিজেও অর্থনৈতিক সহযোগিতা করতে পারি। সন্তানের লেখাপড়ার কিছু খরচও দিতে পারি।

পদ্মপুকুর ইউনিয়ানের দক্ষিণ ঝাঁপা গ্রামের সবিতা রানী বলেন, অভাবের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির স্বামীর উপর নির্ভরশীল ছিলাম। তাই জীবনের ঝুঁকি নিয়ে নদীতে চিংড়ি পোনা ধরতাম। বর্তমানে ভেড়া পালন ও সবজি চাষে আমি স্বাবলম্বী। আর স্বামীর কাছে কিছু চাইতে হয় না। নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারি।

একই ইউনিয়ানের পাতাখালী গ্রামের বাঘ বিধবা সুফিয়া খাতুন বলেন, অভাবের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী মারা যাওয়ার পর খুব অসহায় ছিলাম। বর্তমানে ছাগল ও ভেড়া পালন শুরু করে অনেক লাভবান হয়েছি। একটি ছাগল থেকে ১৩টি ছাগলের ও ভেড়ার মালিক হয়েছি। তা থেকে ৬টি ছাগল একসঙ্গে বিক্রি করে বাড়ির পাশের একটি পুকুরে নরম কাঁকড়া উৎপাদনের পয়েন্ট করেছি। একমাত্র ছেলেকে এখন আর সুন্দরবন যেতে দেই না।

শ্যামনগরের উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন, আমার এলাকার বেশিরভাগ মানুষ দরিদ্র। তারা মূলত সুন্দরবন বা ইটভাটার উপর নির্ভরশীল। বর্তমানে নারীরা তাদের সংসারের আয়ে ভূমিকা রাখছে।

বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, নারীরা এতদিন জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের নদীতে চিংড়ি পোনা সংগ্রহ করতেন। এখন তারা বাড়ির পতিত জায়গায় সবজির চাষ করেন।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, আমরাও এরই মধ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য নারীদের প্রশিক্ষণ দিয়েছি।

শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস বলেন, এসব এলাকায় আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ পালনের প্রশিক্ষণ ও টিকা সরকারিভাবে দ্রুত দেওয়ার ব্যবস্থা করবো।