Home খেলাধুলা অভিজ্ঞদের ছাড়াই খেলতে হচ্ছে, যাদের দিকে তাকিয়ে সাকিব

অভিজ্ঞদের ছাড়াই খেলতে হচ্ছে, যাদের দিকে তাকিয়ে সাকিব

22

স্পোর্টস ডেস্ক।।

৬ বারের ও সর্বশেষ চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। তবে ম্যাচে কয়েকজন অভিজ্ঞ তারকাকে পাচ্ছে না বাংলাদেশ। না খেলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তামিম ইকবাল। ইনজুরির কারণে এশিয়া কাপের সঙ্গে বিশ্বকাপ স্বপ্নও শেষ পেসার ইবাদত হোসেনের। আর টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে জ্বরের কারণে খেলতে পারছেন না লিটন দাস।

কালকের ম্যাচকে সামনে রেখে ক্যান্ডিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘অবশ্যই এটি (অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি) উদ্বেগের। আপনি যদি লিটনের কথা বলেন, গত ৪-৫ বছর ধরে আমাদের দলের অংশ ছিল এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের হয়ে ভালো করে আসছিল। কিন্তু আগেই বলেছি যে এটা অন্য কাউকে সুযোগ দিচ্ছে এবং আমি আশা করছি তারা সুযোগের পূর্ণ ব্যবহার করতে পারবে।’

সাকিবের আশা, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড় তাওহীদ হৃদয়ের মতো তরুণরা এশিয়া কাপে বাংলাদেশকে জয়ের ধারায় নিয়ে যাবে। সাকিব বলেন, ‘এই বছরে তাওহীদ আসলেই খুব ভালো খেলেছে। সাম্প্রতিক সময়ে এলপিএলেও (লংকা প্রিমিয়ার লিগ) দারুণ করেছে সে, এটি এশিয়া কাপে তাকে আত্মবিশ্বাস যোগাবে। বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলতে যাচ্ছে সে।’

শেষ কয়েক বছরে ক্রিকেটীয় নানা ঘটনায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা শ্রীলংকা ও বাংলাদেশের। তবে সাকিব ওভাবে দেখছেন না। তিনি বলেন, ‘ড্রেসিংরুম শান্ত রাখা জরুরি। আমি এটিকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছি না। কিন্তু যখনই এই দুই দল ক্রিকেট খেলে, আমরা ভালো ক্রিকেট খেলি। যেটা ক্রিকেট ভক্ত ও সম্প্রচার সংস্থার জন্য ভালো। কিন্তু হ্যাঁ, শ্রীলংকায় শ্রীলংকার বিপক্ষে খেলা কঠিন এক পরীক্ষাই এবং আমরা ভালো খেলতে চাই।’

শ্রীলংকার উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে সাকিব বলেছিলেন, বিশ্বকাপ নয়, আপাতত তাদের পূর্ণ লক্ষ্য এশিয়া কাপে। ম্যাচের আগের দিনের এই সংবাদ সম্মেলনেও একই কথার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। বলেন, ‘অন্যান্য দলের মতো আমরাও বিশ্বকাপকে লক্ষ্য রাখছি। কিন্তু আগেও বলেছি, এশিয়া কাপও বড় একটি টুর্নামেন্ট এবং আমরা এটিকে গুরুত্ব সহকারে নিয়েছি। এই আসরে ভালো করতে পারলে বিশ্বকাপে সেটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’