ক্রীড়া প্রতিবেদক।।
ফিফা উইন্ডোতে আগামী ৪ ও ৭ সেপ্টেম্বরে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। এরই মধ্যে ঢাকায় এসে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আফগানরা। অন্যদিকে প্রায় এক সপ্তাহ ধরে ক্যাম্পে নিজেদের তৈরি করে নিচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। আসন্ন দুটি ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর পর এশিয়ান গেমস ও বিশ্বকাপের বাছাই পর্বের খেলা রয়েছে। এর আগে আফগানদের বিপক্ষে ভালো ফুটবল খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। তবে বর্তমান আফগানিস্তান দলটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের হতে যাচ্ছে। তাদের দলে খেলা বেশ কিছু ফুটবলার নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে থাকেন। আর তারাই হলেন আফগান দলের মূল শক্তি। ফলে সফরকারী আফগান-যোদ্ধাদের বিপক্ষে জয় পাওয়াটা অতটা সহজ হবে না।
ইউরোপিয়ান লিগে খেলা অনেক ফুটবলার রয়েছেন আফগানিস্তান দলে। জর্জিয়ার শীর্ষ লিগে খেলেন মিডফিল্ডার রহমত আকবরি, ফিনল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে খেলেন ফরোয়ার্ড মোসোয়ার আহাদি। এছাড়া আরও ৮ ফুটবলার জার্মানি, নরওয়ে, সুইজারল্যান্ড, ফারো আইল্যান্ডে লিগে খেলেন। এরই মধ্যে বাংলাদেশের লিগে খেলে গেছেন আমিরউদ্দিন শরিফি ও মিডফিল্ডার ওমিদ পোপালজাই। সব মিলিয়ে দুই প্রীতি ম্যাচে জয় তুলে নেওয়ার জন্যই বাংলাদেশে এসেছে আফগান দলটি। যদিও গত জুনে আফগানরা দুটি ম্যাচ খেলেই হারের স্বাদ পেয়েছে। নেশনস কাপের ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ এবং ইরানের কাছে ৬-১ গোলে হেরেছে আফগানিস্তান। হারের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই দলের প্রতি আলাদা গুরুত্ব দিচ্ছেন আফগান দলের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশে খেলে যাওয়ার পর ফিলিপাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্ব রয়েছে আফগানিস্তানের। এর আগে বাংলাদেশে জয়ে ফিরতে মরিয়া তারা। অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বড় দলের বিপক্ষে আশা জাগিয়েছিল। এ পারফরম্যান্সের ছন্দ প্রীতি ম্যাচেও ধরে রাখার প্রত্যয় তাদের। এরই মধ্যে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছেন, সামনে দুটি প্রীতি ম্যাচেই জয় পেতে চান। এ লক্ষ্যে শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়ে যাচ্ছেন। বাংলাদেশ দলের বেশ কিছু খেলোয়াড় এএফসি চ্যাম্পিয়নস লিগ এবং এএফসি কাপে খেলেছেন। দলীয় অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার তৃতীয় সারির ক্লাব সোল দা মায়োর হয়ে খেলেছেন একটি ম্যাচ। গোলও পেয়েছেন একটি। আর্জেন্টিনা থেকে দেশে ফিরে তিনি আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। সব মিলিয়ে আফগানিস্তান-চ্যালেঞ্জ মোকাবিলা করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন দেশের ফুটবলাররা। এবার প্রথমবারের মতো বস্ন্ধুরা কিংস অ্যারেনায় খেলবে বাংলাদেশ। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে সাফল্য ছিনিয়ে আনার লক্ষ্য স্বাগতিকদের।











































