আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ থেকে পাঠানো হয়েছে চন্দ্রপৃষ্ঠের নতুন ছবি। ছবিতে দেখা যায়, চাঁদের বেশ কাছাকাছি পৌঁছে গেছে মহাকাশ যানটি
আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবরতরণ করার কথা রয়েছে চন্দ্রযান-৩-এর। সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হবে ভারত। আর সবমিলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো চতুর্থ দেশ। এর আগে শুধুমাত্রা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনই চাঁদে মহাকাশযান পাঠিয়েছে।
১০ দিন ধরে পৃথিবীর চারপাশে ঘোরার পর গত মঙ্গলবার এটি চাঁদের দিকে যাত্রা শুরু করে এবং শনিবার সফলভাবে চন্দ্রমণ্ডলে প্রবেশ করে। ইসরো জানায়, যানটি পুরোপুরি ভালো অবস্থায় আছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তারা চন্দ্রযান-৩ এর ‘স্বাস্থ্য’ পর্যবেক্ষণ করছে এবং এটি ‘স্বাভাবিক’ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এটি নিয়ে পরপর তৃতীয়বার সফলভাবে চন্দ্র কক্ষপথে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে ইসরো।’
চন্দ্রযান-৩-এর পাঠানো ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োথেবড়ো অংশও ধরা পড়েছে ছবিতে। এছাড়া মহাকাশযানের কাছাকাছি যাওয়ার সাথে সাথে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলোকে বড় থেকে আরও বড় হতে দেখা যাচ্ছে।
চার বছর আগে ২০১৯ সালে ঠিক এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’ অভিযান। তবে এবার এই অভিযান যদি সফল হয় তবে ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০০৮ সালে প্রথমবারের মতো চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠায় ভারত, নাম ছিল চন্দ্রযান-১। এটি চাঁদকে প্রদক্ষিণ করেছিল। দুই বছর ছিল সেই অভিযানের মেয়াদ। কিন্তু ১০ মাস পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী প্রকল্পের লক্ষ্য ছিল আরও বড়। চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার, টহল দেবে রোভার। ২০১৯ সালে পাঠানো হয় চন্দ্রযান-২। কিন্তু সেসময় চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণের শেষ মূহুর্তে ঘটে বিপর্যয়! ২.১ কিলোমিটার উচ্চতায় থাকার সময় যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রদক্ষিণকারী যানটি এখনও চাঁদের কক্ষে ঘুরছে এবং তথ্য পাঠাচ্ছে।









































