ঢাকা অফিস।।
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গেলো ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে ১০ জনই ঢাকার। আর বাকি চার জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৫৮৪ জন। ঢাকায় ৩১ হাজার ৮১০ এবং ঢাকার বাইরে ২৭ হাজার ৭৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।









































