স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের অনুষ্ঠিত এবারের অ্যাশেজে প্রথম ২ টেস্ট জিতে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ড্র হলেও শেষ ২ টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করে ইংল্যান্ড। যদিও শেষ টেস্টে ইংল্যান্ডের দেওয়া ৩৮৪ রানের লক্ষ্য পার করতে নেমে একপর্যায়ে কোনো উইকেট না হারিয়েই চতুর্থ দিন শেষে তুলে ফেলে ১৩৫ রান। তবে শেষ পর্যন্ত হারতে হয় ৪৯ রানে।
চতুর্থ দিন খেলা হয় ৩৮ ওভার। এদিন ৩৭তম ওভারে মার্ক উডের বল অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার হেলমেটে লাগলে বলের আকৃতি কিছুটা পরিবর্তন হয়। পরে মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসন বল পরিবর্তন করেন। এই ‘বল পরিবর্তন’ ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করেন খাজা।
শেষ দিনে ২৪৯ রান লাগত অস্ট্রেলিয়ার। হাতে ১০ উইকেট। তবে পঞ্চম দিনের শুরুতেই ডেভিড ওয়ার্নার ও খাজাকে ফিরিয়ে দেন পেসার ক্রিস ওকস। সাধারণত বলের আকৃতি পরিবর্তন হলে একই অবস্থার একটি বল দেওয়া হয়। কিন্তু পরিবর্তিত বলটি অপেক্ষাকৃত নতুন ছিল।
খাজা বলেন, আমি সরাসরি কুমারের (ধর্মসেনা) কাছে চলে যাই এবং বলি, ‘‘আমরা যেই বলে খেলছিলাম তার চেয়ে এটি নতুন দেখাচ্ছে, আমি এটির লেখাও দেখতে পাচ্ছি।’’
অজি ওপেনার আরও বলেন, ‘এই অ্যাশেজ সিরিজে আমার মোকাবেলা করা বলের মধ্যে সবচেয়ে কঠিন মনে হয়েছে এই বলটিকে। আমি বলেছি, ‘‘আমি জানি না কী ঘটতে যাচ্ছে… আপনি (আম্পায়ার) একটি পুরোনো বল থেকে সম্পূর্ণ নতুন একটি বল এনেছেন।’’
খাজা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় পুরোনো বলটির সাথে মেলে এমন কোনো বল যদি বক্সে না থাকতো, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন না। ব্যাটিং ইউনিট হিসেবে এটি আমাদের জন্য হতাশাজনক।’ অস্ট্রেলিয়ান এই ওপেনার আশা করেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বিষয়টি আমলে নেবে এবং এখান থেকে একটি শিক্ষা নেবে।
গতবারের অ্যাশেজও জিতেছে অস্ট্রেলিয়া। তাই সিরিজ ড্র হলেও ট্রফি ধরে রাখছে তারা। তবে সিরিজ জিতলে সেটি হতো বিগত ২২ বছরে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ সিরিজ জয়।











































