স্পোর্টস ডেস্ক।।
কয়েক মাস আগেই ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়েতে পাড়ি জমান গ্যারি ব্যালান্স। জন্মভূমির হয়ে খেলা প্রথম টেস্টে সেঞ্চুরিও করেন তিনি। জিম্বাবুয়ের হয়ে নতুন শুরুর আশায় ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু হুট করে ক্রিকেটকেই বিদায় বলেন দিলেন ব্যালান্স। প্রফেশনালস ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের (পিসিএ) মাধ্যমে দেওয়া বিবৃতিতে অবসরের ঘোষণা দেন তিনি। বিবৃতি অনুযায়ী পেশাদার ক্রিকেট খেলতে আর উৎসাহ পাচ্ছেন না ব্যালান্স। ব্যালান্স বলেন, “অনেক চিন্তাভাবনার পর আমি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যেটি এখন থেকেই কার্যকর হবে।” তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, জিম্বাবুয়েতে যাওয়ার পর এই খেলাকে ঘিরে নতুন করে আনন্দ পাব আমি, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দেওয়া ও তাদের দলে স্বাগত জানানোর জন্য ক্রিকেট জিম্বাবুয়ের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ থাকব। তবে আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, যখন পেশাদার ক্রিকেটের কঠিন কাজে নিজেকে নিবেদিত করার উৎসাহ নেই আর। এরপরও খেলা চালিয়ে গেলে জিম্বাবুয়ে ক্রিকেট ও খেলাটির প্রতি অন্যায় করা হতো।’ ইংল্যান্ডের জার্সিতে ২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেক হয় ব্যালান্সের। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেন তিনি।
এর মধ্যে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি জিম্বাবুয়ের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামেন ব্যালান্স। ওই ম্যাচেই পান জিম্বাবুয়ের হয়ে প্রথম ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলেন, শেষ ম্যাচে করেন ফিফটি। ওটাই পেশাদার ক্যারিয়ারে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। নিজের ক্যারিয়ার নিয়ে ব্যালান্স সন্তষ্ট। তিনি বলেন, “ক্রিকেটে অসাধারণ স্মরণীয় কিছু মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছি, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করার চূড়ান্ত সম্মান পেয়েছি। আমার ক্লাব, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ, সমর্থক সবাইকে তাদের অনুপ্রেরণা ও উৎসাহের জন্য ধন্যবাদ।”









































