শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি||
ঝিনাইদহের মহেশপুরে ২৭টি স্বর্ণের বারসহ রুহুল আমীন(৩২) ও সাইফুল ইসলাম(২৬)নামের দুই চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার দুপুরে উপজেলার নেপা ইউপির বাকোশপোতা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি রুহুল আমীন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল সালামের ছেলে। ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।
তিনি জানান, মোটরসাইকেল যোগে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপর সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় বাকোশপোতা মোড় থেকে তাদেরকে আটক করলে রুহুল আমীনের কাছে থাকা কসটেপে মোড়ানো ২৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৩.১৩৯ কেজি, যার বাজার মূল্য ২ কোটি ৫৬লক্ষ ৩৮ হাজার টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।











































