বিনোদন ডেস্ক।।
বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। নিজেকে প্রমাণ করেছেন আইটেম গানের মাধ্যমেও। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে। এদিকে নতুন খবর হলো, ফের আইটেম গানে দেখা যাবে এ তারকাকে। এবার তার সঙ্গী হবেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি। সূত্রমতে, আখিল আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘এজেন্ট’। আর এ সিনেমার আইটেম গানেই কোমর দোলাতে দেখা যাবে ঊর্বশী রাউতেলাকে। সিনেমাটির গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মামুত্তিকে। সিনেমা সংশ্লিষ্ট একজন বলেন, সিনেমাটির আইটেম গানের পারফর্মারদের যে তালিকা পাওয়া যায়, তাতে সবচেয়ে এগিয়ে রয়েছেন ঊর্বশী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপাতত তারই অপেক্ষা। যদিও ঊর্বশী কাজটি করতে রাজি হয়েছেন বলেও জানা গেছে। তেলেগু ভাষার স্পাই-থ্রিলার-অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুরেন্দর রেড্ডি। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু করোনা সংকটের কারণে পিছিয়ে যায় এ সিনেমার কাজ। সব জটিলতা কাটিয়ে আগামী ২৮শে এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন ঊর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।











































