Home আঞ্চলিক রাড়ুলীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনে সংসদ সদস্য বাবু

রাড়ুলীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনে সংসদ সদস্য বাবু

15

খবর বিজ্ঞপ্তি।।
পাইকগাছায় পাউবোর ৯ নম্বর পোল্ডারে রাড়ুলী ইউনিয়নে অনুন্নত রাজস্ব খাতের আওতায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিঃ মিঃ টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাউবোর ৯ নম্বর পোল্ডারে রাড়ুলী ইউনিয়নে বোয়ালিয়া ব্রীজ থেকে ডানদিকে ১কিঃমিঃ টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উদ্বোধনকালে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি পাইকগাছার আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভসূচনা এবং উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এমপি আক্তারুজ্জামান বাবু আরো বলেন, নির্বাচনী এলাকা ঝুঁকি ও দূর্যোগপূর্ণ হওয়ায় এলাকার মানুষ যাতে শান্তিতে উন্নত জীবন-যাপন করতে পারে এ জন্য এ অঞ্চলের বেড়িবাঁধ টেকসই করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬শ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে।

ফলে অচিরেই এলাকার মৃত সকল নদ-নদী খনন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান যেমন উন্নয়ন হবে তেমনি কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাড়ুলী ইউনিয়ন আ’লীগের আহবায়ক ডা: শংকর দেবনাথ, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পাউবো’র পাইকগাছা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মায়নুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য বিমল পাল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম, যুবলীগ নেতা আনিছুর রহমান বিশ্বাস, তাপস বিশ্বাস ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।#