Home আঞ্চলিক উপকুল অঞ্চলে বিলুপ্তির পথে উভচর প্রাণী ব্যাঙ

উপকুল অঞ্চলে বিলুপ্তির পথে উভচর প্রাণী ব্যাঙ

113

এজাজ কায়েস||
মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, কাঁকড়ার খাবার ও নির্বিচারে আহরণ, সংরক্ষণ ও উন্নত চাষ কৌশল উন্নয়ন পরিকল্পনার অভাবে সুন্দর বনাঞ্চলে বিলুপ্ত হতে চলেছে পরিবেশগত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উভচর প্রাণী ব্যাঙ। বিশেষজ্ঞদের মতে, বিলুপ্তপ্রায় এ প্রাণী সংরক্ষণে প্রয়োজন উন্নত চাষ কৌশলের টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি।
উপযোগী জলাশয় ও পরিবেশগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ দেশ। এদেশের জলাশয় মৎস্য ও অন্যান্য জলজ সম্পদে অত্যান্ত সমৃদ্ধ। এ দেশের নদী ও অভ্যন্তরীণ জলাশয়ে রয়েছে ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, ৩১ প্রজাতির কচ্ছপ, ১২৬ প্রজাতির সরীসৃপ ও ২২ প্রজাতির উভচর প্রজাতির উপস্থিতি। ব্যাঙ জলে ও স্থলে বাস করে বলে এদের উভচর প্রাণী বলা হয়।
বর্তমানে ব্যাঙের ১২টি প্রজাতি বিদ্যমান আছে। দেশের সুন্দরবন সংলগ্ন জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা নদীনালা, খালবিল ও পুকুর জলাশয় দ্বারা বিস্তৃত। এ অঞ্চলের নদীনালা, খালবিল ও পুকুর জলাশয়ে জলজ সম্পদে সমৃদ্ধ। এ অঞ্চলে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ ও গেছো ব্যাঙসহ কয়েকটি প্রজাতির অসংখ্য ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেত। এ দেশের প্রাকৃতিক উৎস থেকে আহরণকৃত সোনা ব্যাঙ একমাত্র রপ্তানীযোগ্য ব্যাঙ। ৮০’র দশকে বাংলাদেশের সোনা ব্যাঙের প্রক্রিয়াজাতকৃত পিছনের পা জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপের অনেক দেশে রপ্তানী হত। সারাদেশের ন্যায় সুন্দরবন সংলগ্ন এ অঞ্চল থেকে নির্বিচারে ব্যাঙ আহরণের ফলে এর প্রাচুর্য ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে।
পরবর্তীতে পরিবেশগত ভারসাম্য হীনতার কারণে সরকার প্রাকৃতিক উৎস থেকে ব্যাঙ আহরণ ও রপ্তানী নিষিদ্ধ করে। বর্তমানে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলের অধিকাংশ এলাকা চিংড়ী চাষে পরিণত হয়েছে।
ব্যাঙ সাধারণত রাত্রে খাবার খেতে ও বিচরণ করতে অভ্যস্ত। এজন্য এ অঞ্চলের পুরুষ ও মহিলারা প্রতিদিন সন্ধ্যার পর আলো নিয়ে ডোবানালা ও ঝোপঝাড়ে ব্যাঙ আহরণের অভিযানে নেমে পড়ে। বিদেশে রপ্তানীর জন্য ব্যাঙ আহরণ বন্ধ হলেও সুন্দরবন সংলগ্ন এলাকায় কাঁকড়ার খাবার ও আহরণের কাজে নির্বিচারে ব্যাঙ নিধনের ফলে বিলুপ্ত হতে চলেছে পরিবেশগত অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এ উভচর প্রাণী।