বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আওলিয়াবাদ জামে মসজিদ ও দশআনি বায়তুন নাজাত জামে মসজিদে নিয়মিত তারাবি নামাজ আদায় করছেন নারীরা। মসজিদে এসে নামাজ আদায়ের ফলে নারীরা আরও বেশি আমলদার হতে পারছেন বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের।
খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সোনাতলা মোড় এলাকায় অবস্থিত তিনতলা বিশিষ্ট আওলিয়াবাদ মসজিদের দুই তলায় নামাজ আদায় করেন নারীরা। আলাদা সিড়ি দিয়ে নামাজের জন্য ওঠেন তারা। পুরুষরা যে ইমামের পেছনে নামাজ আদায় করেন নারীরাও একই ইমামের পেছনে মসজিদের দ্বিতীয় তলায় মাইকে শুনে নামাজ আদায় করেন। পাঁচ বছর ধরে নারীরা এই মসজিদে কোনো প্রকার বিতর্ক ও অপ্রতিকর ঘটনা ছাড়াই তারাবির নামাজ আদায় করছেন। ভবিষ্যতে জুমআ ও পাঁচ ওয়াক্তের নামাজ আদায়ের নারীদের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মো. মোবারক হোসেন।
ইমাম মোবারক হোসেন বলেন, মসজিদের মুসল্লিদের আবেদনের প্রেক্ষিতে আমরা পাঁচ বছর আগে নারীদের জন্য মসজিদে তারাবির নামাজের ব্যবস্থা করি। নারীরা আদালা সিড়ি ব্যবহার করেন এবং পৃথক স্থানে দাঁড়িয়ে নামাজ পড়েন। গত পাঁচ বছর ধরে নারীরা তারাবি নামাজ পড়ছেন।
তিনি আরও বলেন, দেশের অর্ধেক মানুষ নারী। কিন্তু নারীদের মসজিদে আসার সুযোগ না থাকায় তারা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান থেকে দূরে রয়েছেন। মসজিদে আসলে নারীরা ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। কারণ মসজিদে জুমআর খুতবাসহ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া নবীজির আমলেও মসজিদে নারীরা নামাজ পড়তেন। মসজিদে নারীদের নামাজ পড়ায় শরীয়তের কোনো বাঁধা নেই। অন্যান্য মসজিদেও এভাবে নারীদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রাখা উচিত।
এদিকে অনুরুপ দশানী এলাকার বায়তুন নাজাত জামে মসজিদেও তিন বছর ধরে নারীরা নিয়মিত তারাবির নামাজ আদায় করছেন। সেই সঙ্গে নারীদের জুম্মার নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে। পথচারী নারীদের জন্য প্রতিটি ওয়াক্তের নামাজের ব্যবস্থা রয়েছে এই মসজিদে।
বায়তুন নাজাত জামে মসজিদে মায়ের সঙ্গে তারাবি পড়তে আসা ১১ বছর বয়সী ফাতেমা তুজজোহরা ইমা বলেন, মায়ের সঙ্গে প্রথমবারের মত মসজিদে এসে তারাবি পড়ছি। আমার খুব ভালো লাগছে। মসজিদের দোতলায় আমরা নামাজ পড়ি। আলাদা সিড়িতে ওঠা-নামার ব্যবস্থা আছে, কোন মসস্যা হয় না।
নাবিলা তাবাচ্ছুম নামের এক নারী বলেন, মসজিদে নারীদের তারাবি পড়ার ব্যবস্থা খুবই ভালো একটি উদ্যোগ। তবে শহরের মসজিদগুলোতে যাতে নারীরা ওয়াক্তের নামাজ আদায় করতে পারেন সেই ধরণের ব্যবস্বা রাখার দাবি জানান এই নারী।
বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বশির উদ্দিন বলেন, মহান আল্লাহ তাআলা ইবাদতের জন্য নারী ও পুরুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছেন। যে যেমন ভালো কাজ করবেন আল্লাহ তেমন প্রতিদান দেবেন। মক্কা-মদীনা ও বিভিন্ন মুসলিম রাষ্ট্রে নারীরা মসজিদে নামাজ আদায় করেন। আমাদের দেশেও এটা শুরু হয়েছে। আমাদের এই মসজিদে শতাধিক নারী তারাবি ও জুম্মার নামাজ আদায় করেন।











































