Home আঞ্চলিক কেসিসি’র মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বিএনপি নেতা মঞ্জু

কেসিসি’র মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বিএনপি নেতা মঞ্জু

38

স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র পদে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিএনপি যদি নির্বাচনে যায় সেক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইবেন তিনি। আর দল যদি নির্বাচনে না যায় সেক্ষেত্রে তাকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরামর্শ দিচ্ছে তার অনুসারীরা। গত নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলীয় নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ যাতে নির্বাচনের ফাঁকা মাঠে গোল দিতে না পারে সেই মতামত দিচ্ছে। তারা বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগকে ছেড়ে না দেয়ার কথা বলছে। বিএনপিকে পছন্দ করে এরকম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একই কথা বলছে। তারা বলছেন, আন্দোলন ও নির্বাচন দুটিতেই বিএনপির থাকা উচিৎ। শিগগিরই আমরা খুলনায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে তাদের মতামত কেন্দ্রীয় কমিটিকে জানাবো। কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল যদি নির্বাচনে যায় তাহলে তিনি এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দলের কাছে মনোনয়ন চাইবেন। সেক্ষেত্রে মনিরুজ্জামান মনি যদি মনোনয়ন পায় তাহলে তার কোনো আপত্তি থাকবে না। কারণ মনিরুজ্জামান মনি ২০১৩ সালে বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এক যুগ ছিলেন সভাপতি। এছাড়া ২০০৯ সাল থেকে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালের ৭ আগস্ট থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খুলনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন মঞ্জু। কিন্তু ২০২১ সালের ৯ ডিসেম্বর তার দীর্ঘ ‘রাজনৈতিক সাম্রাজ্যের’ পতন ঘটে। ওই দিন তাকে বাদ দিয়ে মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ১২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন মঞ্জু। এর পরদিন তাকে শোকজ এবং ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। ক্ষোভ, কষ্ট আর অপমানে দলের বিভিন্ন পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন মঞ্জুর অনুসারী সহস্রাধিক নেতাকর্মী। এরপর থেকে দলে কোণঠাসা মঞ্জু ও তার অনুসারীরা। গতবছর ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হলেও সেখানে রাখা হয়নি তাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক মঞ্জুর অনুসারী তিনজন নেতা বলেন, তারা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে আসলেও তাতে ইতিবাচক সাড়া দেয়নি কেন্দ্রীয় কমিটি। সে কারণে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে তারা নজরুল ইসলাম মঞ্জুকে প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপারে বিএনপি নেতা মঞ্জু বলেন, ‘আমরা ১৬ মাস ঝুলন্ত অবস্থায় আছি। কেন্দ্রীয় কমিটি কোনো কিছু করেনি, এ নিয়ে কর্মীদের মাঝে ক্ষোভ আছে। কর্মীরা এ ব্যাপারে একটা অবস্থান নেওয়ার কথা বলছে। আমরা এগুলো শুনছি, পরীক্ষা-নিরীক্ষা করছি। আরও পরে আমরা সিদ্ধান্ত নেবো নির্বাচনে যাবো-কি যাবো না।’

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বিএনপি নির্বাচনে না গেলে আমারও নির্বাচনে যাওয়ার প্রশ্ন আসে না। বিএনপি যদি নির্বাচনে যায় সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করবে কাকে তারা দলীয় মনোনয়ন দেবে।

মঞ্জুর অনুসারী সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ পাবে। তবে বিএনপি নির্বাচনে না গেলে আমরা সেই সিদ্ধান্তের প্রতি আস্থাশীল।

এ ব্যাপারে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। ফলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আমরা নির্বাচন নিয়ে ভাবছি না, আন্দোলন নিয়েই ব্যস্ত আছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন দেখা যাবে কে প্রার্থী হয়।
কেসিসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক প্রথমবার সিটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৫৭ হাজার ৮১২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুজ্জামান মনি পেয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৯৭৬ ভোট।

২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আবারও নির্বাচন করেছিলেন তালুকদার খালেক। ওই নির্বাচনে বিএনপির মো. মনিরুজ্জামান মনি ১ লাখ ৮০ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। আর তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ১৯ হাজার ৪২২ ভোট।

সবশেষ ২০১৮ সালের ১৫ মে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।