নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর (১৬) তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করেছেন ধর্ষক রিপন। নিজের কুকর্ম ঢেকে রাখার জন্য ধর্ষিতার পরিবারকে গৃহবন্দি করে করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
রিপন সরকার (৩০) নড়াইলের মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্ট। তার বাড়ি নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে।
ওই ধর্ষিতা নড়াইল সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বখাটে রিপন ও তার পরিবারের হুমকিতে সে স্কুলে যেতে পারছে না। ধর্ষিতা ও তার পরিবারের সদস্যদের বাড়ি হতে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। তারা এক রকম গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
ধর্ষিতার বাবা আইনের আশ্রয় নিতে চেয়েছিল। কিন্তু গৃহবন্দি করায় তিনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারছেন না। এদিকে ঘটনার সুষ্ঠু সমাধান না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই স্কুলছাত্রী ও তার বাবা।
জানা যায়, প্রতিবেশী বখাটে যুবক রিপন সরকার ওই স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেন। ছাত্রীর হতদরিদ্র বাবা বার বার তার মেয়ের ওপর নির্যাতনের ঘটনা রিপন সরকারের বাবা সুশান্ত সরকারকে জানিয়েছেন। কিন্তু প্রভাবশালী সুশান্ত সরকার ও তার ভাই গোবিন্দ সরকার ছেলের বিচার করা তো দূরের কথা ছাত্রীর বাবাকে কোনো পাত্তাই দেয়নি।
শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের একটি দল অনুসন্ধানে গেলে বেনাহাটি গ্রামের লোকজন জানান, সুশান্ত সরকার ও গোবিন্দ সরকার খুবই খারাপ প্রকৃতির মানুষ। তাদের প্রত্যক্ষ মদদে রিপন বখাটে হয়েছে। অল্প বয়সে লেখাপড়া বাদ দিয়ে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছে। অপকর্ম করে এলাকা থেকে বিতাড়িত হয়ে বেশ কিছুদিন এলাকার বাইরে ছিল। সামান্য প্যাথলজিক্যাল কাজ শিখে নড়াইল শহরের মেডিল্যাবে প্যাথলজিস্ট হিসেবে কাজ করে। বাকি সময় এলাকার মেয়েদের পেছনে লেগে তাদের উত্ত্যক্ত ও সর্বনাশ করাই তার কাজ।
ধর্ষণে এসএসসি পরীক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে অসুস্থ হলে বখাটে রিপন তাদের বাড়িতে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিজ কর্মস্থল নড়াইল মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। এরপর তার বিভিন্ন রকম টেস্ট করে নিশ্চিত হয় মেয়েটি তিন মাসের গর্ভবতী। ওই মেডিল্যাবে বসে রিপন গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে চাপ দেয়। এতে সে রাজি না হওয়ায় তার বড় ধরনের ক্ষতি করে দেয়ার হুমকি দেয়। এরপর রিপন শারীরিক সুস্থতার ওষুধের কথা বলে তাকে একটি ট্যাবলেট খেতে দেয়। ওই ট্যাবলেটটি তাৎক্ষণিক খাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে মেয়েটির সন্দেহ হয়।
মেয়েটি ট্যাবলেট না খেয়ে কাছে রেখে অন্যদের দেখালে তারা জানায়, এটা সন্তান নষ্ট করা ট্যাবলেট। এ ঘটনার দুদিন পর রিপন তার কাছে জানতে চায় সন্তান নষ্ট হয়েছে কি-না? সন্তান নষ্ট হয়নি শুনে তাকে অসম্মানসূচক কথা বলে ও মারধর করেন। সন্তান নষ্ট না করলে তাকে বিয়ে করবে না বলে হুমকি দেয়। একইভাবে রিপনের বাবা সুশান্ত সরকার ও কাকা গোবিন্দ সরকার বাড়ির ওপর গিয়ে বাটুলকে ধমকিয়ে তার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। এতে করে মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। মিডিয়া কর্মীরা যান ধর্ষিতার বাড়িতে।
স্থানীয় গ্রাম্য মাতবররা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রিপনের পরিবার থেকে কোনোভাবেই তাকে মেনে নিতে রাজি নন। উল্টো তার বিরুদ্ধে নানা রকম বদনাম দিচ্ছেন।
এ বিষয়ে ধর্ষণের শিকার মেয়েটি জানান, অনেক দিন ধরে রিপন তার পেছনে লেগেছে। স্কুলে যাতায়াতের পথে তাকে বিরক্ত করতো। বিষয়টি গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডলকে একাধিকবার জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বাড়িতে জানালে তার বাবা বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছে রিপনের পরিবারের সঙ্গে। কিন্তু রিপনের বাবা-মা ও কাকা এ বিষয়ে কোনো পাত্তা দেয়নি। এরপর বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
মেয়েটি আরও জানায়, প্রথম দিকে রাজি না থাকলেও দৈহিক সম্পর্কের কারণে তিনি রিপনকে ভালোবেসে ফেলেছেন। রিপন যদি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে না নেয়, তাহলে সে তার মুখ কাউকে দেখাবে না।
মেয়েটির বাবা বলেন, তার মেয়েকে যদি তারা মেনে না নেয়, পরিবারের সবাই মিলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই।
এ ব্যাপারে যোগাযোগ করলে রিপন জানান, তাদের পরিবারের অভিভাবক তার কাকা গোবিন্দ সরকার। কাকা গোবিন্দ সরকারের কথার বাইরে গিয়ে তার কিছু করার নেই।











































