ঢাকা অফিস।।
অনিয়ম হলে গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ভোট গ্রহণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বুধবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আমাদের একটাই মেসেজ। জাতীয় নির্বাচনে ভোটাররা পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন। কমিশন সেই নিশ্চয়তা দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা প্রয়োজন হবে, তার সবই ব্যবস্থা করবে কমিশন।
নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে তিনি আরো বলেন, চলতি বছর পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ভোট গ্রহণ হবে ইভিএমে। জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছার কথাও জানান এই কমিশনার।











































