ঢাকা অফিস।।
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শামীম শিকদার আর নেই। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার বিকেল ৪টা ৪১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম শিকদার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকমর্তা আরিফ হোসেন বলেন, আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন শামীম শিকদার। হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। বিকেলে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।
শামীম শিকদার এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে গত ২০-২৫ দিন আগে তিনি ছাড়পত্র পান। পরে অসুস্থতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
শামীম সিকদার ১৯৫২ সালের ২২ অক্টোবর বগুড়া জেলার মহাস্থানগড়ের চিংগাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। পরে ১৯৭৬ সালে তিনি লন্ডনের স্যার জন কাস স্কুলে পড়তে যান।
১৯৭৪ সালে এই ভাস্কর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ করেন।
১৯৮৮ সালের ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ শিরোনামের ভাস্কর্য নির্মাণ করেন। ভাস্কর্যটির মূল বেদিতে আছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার চিত্র।
বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যও নির্মাণ করেন তিনি। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মাণ করেন স্বামী বিবেকানন্দের ভাস্কর্য।
ভাস্কর্যশিল্পে অবদানের কারণে ২০০০ সালে তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে সরকার।
শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ললিতকলা অনুষদের একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।
শামীম শিকদার দুই সন্তান রেখে গেছেন। তারা লন্ডনে বসবাস করেন। মোহাম্মদপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত হবে। এর আগে, তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।











































