স্টাফ রিপোর্টার।।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সেই সৌন্দর্য আর সম্পদ আর নেই। সাম্প্রতিককালে ওই বনে গাছ কাটা প্রায় শূন্যের কোঠায় নামলেও হরিণের মাংস ও বাঘের চামড়া পাচার থেমে নেই। নদ ও খালে অসাধু জেলেরা বিষ দিয়ে মাছ শিকার করায় নষ্ট হচ্ছে জলজ পরিবেশ। এ ছাড়া পরিবেশবান্ধব পর্যটন না হওয়ায় বনে দূষণ বাড়ছে। তাই সমৃদ্ধ এ বনের প্রাণীকুল এখন হুমকির সম্মুখীন।
চলতি বছরের ৬ জানুয়ারি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে একটি বাঘের চামড়াসহ দুজনকে আটক করে র্যাব। র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, ‘ওই ব্যক্তিরা বনের মধ্যে ছাগলের মাংসে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে বাঘ শিকার করেছিল। তা প্রায় কোটি টাকা মূল্যে বিক্রি করার জন্য তারা শৌখিন মানুষ খুঁজছিল। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের আটক করা হয়।
বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। তার মধ্যে ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী, বাংলাদেশে সুন্দরবনের বাঘের সংখ্যা ১১৪টি। তবে ২০০৪ সালের জরিপ অনুসারে সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি। অর্থাৎ ১৫ বছরে বন থেকে ৩২৬টি বাঘ কমে গেছে।
বন বিভাগের হিসাব মতে, ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সুন্দরবনে বাঘ মারা গেছে কমপক্ষে ৪৬টি। এর মধ্যে প্রাকৃতিক কারণে মারা গেছে ৮টি, শিকারিদের হাতে মারা গেছে ১৩টি, লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের হাতে মারা গেছে ৫টি, দুর্বৃত্তদের হাতে মারা যাওয়া বাঘের চামড়া উদ্ধার হয়েছে ১৯টি ও ২০০৯ সালে ঘূর্ণিঝড় সিডরে মারা গেছে একটি। বাকি বাঘগুলো কোথায় গেল তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই।
বন বিভাগের দাবি- সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি নতুন করে শুরু হয়েছে বাঘ জরিপ।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও বাঘ সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ‘২০২৪ সালের মার্চ মাসে এ জরিপের ফলাফল প্রকাশ করবে বন বিভাগ।’
বাঘের পাশাপাশি সুন্দরবনে থেমে নেই হরিণ শিকারও। বন বিভাগ ও স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জন শিকারিকে হরিণের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে।
বনজীবীরা জানান, হরিণ শিকারের জন্য নাইলনের দড়ির ফাঁদ ব্যবহার করা হয়। বাজারে প্রতি কেজি হরিণের মাংসের মূল্য ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনে হরিণ হত্যা ও পাচারের অপরাধে অনেকে আটক হয়েছে। এই চোরা শিকারিরা অনেক শক্তিশালী। এদের বিরুদ্ধে মানুষ সাক্ষ্য দিতেও ভয় পান। তারা এই সুযোগ নিয়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসেন, আবারও অপরাধে লিপ্ত হন। তবে ব্যাপকভাবে যে হরিণ শিকার হয়, তা নয়।’
তিনি বলেন, ‘আমাদের পূর্ব ডিভিশনে ৫১৬ জনবলের বিপরীতে কর্মরত আছেন ২৯০ জন। এত কম জনবল নিয়েও আমরা যথেষ্ট অপরাধ নিয়ন্ত্রণ কাজ করছি।’
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বন্য প্রাণী রক্ষায় অপরাধে জড়িতদের তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হচ্ছে। তথ্য দিলে ৮ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হচ্ছে। ফলে কেউ হরিণ শিকার করলে আমাদের কাছে তথ্য আসছে, আমরা আটক করতে পারছি।’
২০১৮ সালের জরিপ মতে, সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ রয়েছে। বাঘ জরিপের আওতায় ২০২৪ সালের মার্চ মাসে হরিণের সংখ্যাও জানাবে বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ‘সুন্দরবনে বাঘের ৮০ শতাংশ খাবার আসে হরিণ থেকে। তাই একই প্রকল্পের আওতায় বাঘের শিকার হরিণ ও বন্য শূকর- এ ধরনের প্রাণীর জরিপ করা হচ্ছে।’
অপরদিকে সুন্দরবন বনদস্যুদের হাত থেকে বনজীবীরা মুক্তি পেলেও বনজীবীদের বিষের উৎপাত থেকে মুক্তি পাচ্ছে না সুন্দরবন। জেলেদের ভাষ্যমতে, বিষ দিয়ে মাছ শিকার করলে একসঙ্গে প্রচুর মাছ পাওয়া যায়।
জেলেরা জানান, একবার কোনো খালে বিষ দিয়ে মাছ শিকার করলে আগামী ১৫ দিনের মধ্যে ওই খালে কোনো মাছ তো পাওয়াই যায় না, এমনকি মাছের ডিম বা পোনাও পাওয়া যায় না।
বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ‘কিছু অসাধু জেলে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত। কিন্তু তারা অল্প দিনে আইনের গণ্ডি পেরিয়ে আবারও বনে গিয়ে অপরাধ শুরু করেন।’
বন বিভাগের তথ্যমতে, সুন্দরবনের অভ্যন্তরে বর্তমানে সাতটি পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো হলো করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, হিরণ পয়েন্ট ও কলাগাছী। তবে ওই সব স্থানে প্রতিবছর প্রায় ২ থেকে আড়াই লাখ পর্যটক ভ্রমণ করে। এ ছাড়া নতুন করে আরও চারটি পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম বলেন, ‘সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোকে বন বিভাগ পরিবেশবান্ধব বলে দাবি করলেও বাস্তবে তা হয়নি। তারা পরিবেশবান্ধব করার চেষ্টা করছে, এটা বলা যেতে পারে। আর আমাদের দেশে এটা বাস্তবায়ন হতে আরও অনেক সময় লাগবে।’
তিনি বলেন, ‘বনে পর্যটকরা পলিথিন নিয়ে যাচ্ছে। খাবারের অংশসহ সেই পলিথিন ফেলে আসছে, এটা বন্য প্রাণীরা খাচ্ছে। ফলে তাদের শরীরে এর নেতিবাচক প্রভাব পড়বে। এখানে বন বিভাগের তদারকির অভাব আছে। কারণ বনে জনবল-সংকট। আর আমাদের দেশের মানুষও পরিবেশ সম্পর্কে সচেতন নয়।’











































