স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামে লোকজন হেঁটে পার হচ্ছিলেন বুড়ি ভদ্রা নদী। নদী পার হওয়ার পর ওই গ্রামের বাসিন্দা জাকারিয়া সরদার বলেন, ভাটার সময় নদীতে এখন পানি থাকে মাত্র ১-২ ফুট। পলি পড়ে নদী ভরাট হয়ে গেছে। ভাটার সময় নৌকা চলতে পারে না। সে কারণে হেঁটেই পার হন।
বটিয়াঘাটা সেতুর উপর গিয়ে দেখা যায়, শোলমারী নদীর বুকে তেমন পানি নেই। সরু নালায় পানি রয়েছে মাত্র দেড়-দুই ফুট। ফলে অনায়াসে হেঁটে যাচ্ছেন লোকজন। স্থানীয় বাসিন্দা সিরাজুল আলম বলেন, এখন আর ভাটার সময় এই নদী দিয়ে পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে না।
শুধু এ দুটি নদীই নয়, পলি পড়ে ভরাট হয়ে গেছে খুলনার ৬টি নদী। ডুমুরিয়া উপজেলার ভদ্রা, বুড়ি ভদ্রা ও সালতা, বটিয়াঘাটার শোলমারী নদী, কয়রা উপজেলার কয়রা ও কপোতাক্ষ নদের অবস্থা এখন মৃতপ্রায়। জোয়ারের সময় পানি থাকলেও ভাটার সময় এই নদীগুলোতে মাত্র দেড়-দুই ফুট পানি থাকে। ফলে লোকজন অনায়াসেই হেঁটে নদী পার হয়ে যাচ্ছে। এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশংকাও দেখা দিয়েছে।
বুড়ি ভদ্রা নদী:
ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ বুড়ি ভদ্রা নদী ২০১৭ সাল থেকে পলি পড়ে ভরাট হতে শুরু করে। এখন ভাটার সময় নদীতে মাত্র এক-দেড় ফুট পানি থাকে।
ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম জানান, ভাটার সময় নদীতে নৌযান চলাচল করতে পারছে না। জোয়ারের সময় নদীর পানি উপচে গ্রামে ঢুকতে শুরু করেছে। লোকজন নদীর উপর বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছেন। ভাটার সময় হেঁটে নদী পার হওয়া যাচ্ছে। নদী খনন করা না হলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।
শরাফপুর গ্রামের তারক বিশ্বাস, কালীপদ বিশ্বাস ও মনিমোহন বিশ্বাস বলেন, নদীতে মাছ ধরে সংসার চালাতাম। নদী শুকিয়ে যাওয়ায় এখন আর মাছ ধরা যায় না।
গুটুদিয়ার কৃষক আতিয়ার রহমান বলেন, ৪ বছর আগেও এই নদী দিয়ে জাহাজ চলাচল করতো, এখন আর পারে না। নদীর চর দখল করে ইটভাটা, মাছের খামার, ফসলের ক্ষেত ও বাড়িঘর তৈরি হচ্ছে। কেউ কেউ নদীর চরের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ হাসিব রহমান বলেন, নদীর চর দখলের বিষয়টি সরেজমিন দেখে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভদ্রা ও সালতা নদী:
ডুমুরিয়া উপজেলার পূর্ব শোভনা গাবতলা এলাকায় ভদ্রা নদীর মাঝ বরাবর পাকা রাস্তা। এই পাকা সড়কটি একসময় বাঁধ ছিল। কিন্তু বাঁধ অপসারণ না করেই ৪ বছর আগে নদী খনন করা হয়েছিল। এখন শোভনা এলাকার দিকে যেতে ওই সড়কের ডান পাশে নদী পুরোপুরি ভরাট হয়ে গেছে। সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে কিছুদিন আগে ধান চাষ করেছিলেন স্থানীয় কয়েকজন। নদীর কিছু অংশ ও তীর অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে আধাপাকা বেশ কয়েকটি ঘর। আর বাম পাশে নদীতে পানি আছে সামান্য।
সরজমিনে দেখা যায়, ভাটার সময় সালতা নদীতে পানি আছে মাত্র ১-২ ফুট। নদী ভরাট হয়ে পরিণত হয়েছে যেন মরা খালে। তবে জোয়ারের সময় পানি ভরে যায়।
অথচ ২০১৯ সালে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে ভদ্রা নদীর সাড়ে ২১ কিলোমিটার ও সালতা নদীর ৯ কিলোমিটার পুনঃখনন করা হয়েছিল। খনন কাজ শেষ হওয়ার মাত্র ৪ বছর পর নদী দুটি ফিরে গেছে আগের অবস্থায়। পলি পড়ে নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকার পানি ঠিকমতো নিষ্কাশিত হতে পারে না। উল্টো আমাবস্যা-পূর্ণিমা ও নিম্নচাপের সময় নদীর জোয়ারের পানিতে অনেক এলাকা প্লাবিত হয়। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
শোলমারী নদী:
এক সময়ের খরস্রোতা বটিয়াঘাটার শোলমারী নদী পলি পড়ে এখন পরিণত হয়েছে সরু নালায়। ২৯ কিলোমিটার দীর্ঘ ও ১২ মিটার গভীরতার যে নদী দিয়ে আগে লঞ্চ-জাহাজ চলাচল করতো, এখন সেই নদী দিয়ে ভাটার সময় ডিঙ্গি নৌকাও চলতে পারে না। ১৫০ মিটার প্রশস্ত নদীটিতে ভাটার সময় পানি থাকে মাত্র মাঝের ৩/৪ মিটার এলাকায়।
স্থানীয় লোকজন জানান, ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া ও বটিয়াঘাটার জলমা ইউনিয়নের পানি শোলমারী নদী দিয়ে নিষ্কাশন হয়। দ্রুত নদীটি পুনঃখনন করা না হলে ওই এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
কপোতাক্ষ নদ:
কয়রা উপজেলার হোগলা থেকে নাকশা গ্রাম হয়ে পাইকগাছার চাঁদখালি পর্যন্ত কপোতাক্ষ নদ ভাটার সময় একেবারেই শুকিয়ে যায়। আবার জোয়ারের সময় পানির চাপ বাড়লে তখন দুই পাশের বাঁধ উপচে পড়ার উপক্রম হয়। আমাদি গ্রামের বাসিন্দা নির্মল দাস বলেন, ‘দশ বছর আগেও এই গাঙ (নদী) বেয়ে সারি সারি বজরা নৌকা চলতো। যে গাঙের পানির নাগাল পাওয়া যেতো না, এখন তা হেঁটে পার হওয়া যায়।’
আমাদি খেয়াঘাটের মাঝি কামরুল পাটনি বলেন, জোয়ারের সময় যখন গাঙে পানি বাড়ে তখন খেয়া চালাই। ভাটার সময় মানুষ হেটেই পার হয়ে যায়। এ কারণে আগের মতো রোজগারও নেই। নদীর উপর নির্ভরশীল মানুষের সংসারে নেমে এসেছে দুর্দিন।
কয়রা নদী:
একই অবস্থা দেখা গেছে, উপজেলার কয়রা নদীরও। শাকবাড়িয়া নদী থেকে হায়াতখালি বাজার পর্যন্ত একটি শাখা মরে গেছে। এর দু’পাশে ভরাট হয়ে যাওয়া জমি এখন দখলের প্রতিযোগিতা চলছে। অনেক স্থানে মৃতপ্রায় এ নদীতে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছেন অবৈধ দখলদাররা। এর আরেকটি শাখা সুন্দরবনের বানিয়াখালি এলাকা থেকে বেরিয়ে কয়রা সেতু হয়ে কপোতাক্ষ নদে গিয়ে পড়েছে। সেটিও ভরাট হওয়ার পথে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, খুলনার নদীগুলোতে পলি পড়ার হার বেশি। সে কারণে অনেক নদী ভরাট হয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান জানান, ভদ্রা ও শালতা নদী খননের পর কেন দ্রুত ভরাট হয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শোলমারীসহ অন্যান্য নদীগুলো সরেজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।











































