Home আঞ্চলিক ঝিনাইদহে সাবেক এমপির বিরুদ্ধে প্রতারণা মামলা

ঝিনাইদহে সাবেক এমপির বিরুদ্ধে প্রতারণা মামলা

10

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম অপুর নামে আদালতে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করে শহরের মহিলা কলেজপাড়ার বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, শফিকুল ইসলাম অপু ও তার বোন কামরুন্নাহার লিপি জমি বিক্রির জন্য গত বছরের ৩০ মার্চ বাদীর নগদ ১০ লাখ ও ৫ মে ১৫ লাখ টাকা গ্রহণ করে। ২ মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করার কথা থাকলে তারা নানা টালবাহানা শুরু করে। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি বাদী জমি রেজিস্ট্রি করার কথা বলতে তাদের বাড়িতে গেলে তাকে হত্যার হুমকি দেয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, ‘আমার মক্কেল ও তার স্বামীর কাছ থেকে জমি বিক্রির নামে ২ দফায় ২৫ লাখ টাকা নিয়েছে শফিকুল ইসলাম অপু ও তার বোন। জমি না দিয়ে তারা দিনের পর দিন ঘোরাতে থাকে। তাদের উদ্দেশে টাকা নিয়ে আত্মসাৎ করে জমি রেজিস্ট্রি না করা। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা সঠিক বিচার পাব বলে আশা করছি।’