Home আঞ্চলিক দুগ্ধ খামারে দুর্বৃত্তের দেওয়া আগুনে ১৫ গরু দগ্ধ, মৃত ১

দুগ্ধ খামারে দুর্বৃত্তের দেওয়া আগুনে ১৫ গরু দগ্ধ, মৃত ১

15

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে একটি দুগ্ধ খামারে দুর্বৃত্তের দেওয়া আগুনে ১৬টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি গরু মারা গেছে। এছাড়া বেশ কিছু গাভী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের শেখ ডেইরি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ক্ষতিগ্রস্ত ওই খামারির নাম নাজমুল আলম রুবেল (৩৭)। তিনি একই গ্রামের রুহুল আমিনের ছেলে। রুবেল দীর্ঘদিন কোরিয়া ছিলেন। কোরিয়া থেকে দেশে ফিরে গরুর ফার্ম গড়ে তোলেন তিনি। তার ফার্মে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হত। মিল্ক ভিটা কোম্পানিতে তিনি দুধ সরবরাহ করতেন।

এদিকে গরুর খামারে আগুনের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে প্রাণিসম্পদ বিভাগ খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের সব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাণি সম্পদ বিভাগ বাগেরহাটের মাঠকর্মী তারিক হোসেন বলেন, খবর শুনে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ গরুগুলোকে সেবা দিয়েছি। বেশিরভাগ গরুর শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থান আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল আলম রুবেল জানান, গরুগুলো খামারেই ছিল। রাতে সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকাডাকিতে তাদের ঘুম ভেঙে যায়। পরে গোয়ালে এসে গরুর দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করেন। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত খামারির দাবি, পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে তার গোয়ালে আগুন দেওয়া হয়েছে। তদন্তপূর্বক এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন প্রবাস ফেরত এই উদ্যোক্তা।

তিনি বলেন, গরু গুলো আক্রান্ত হওয়ায় আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। নিঃস্ব হয়ে গেলাম। ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করব বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

নাজমুল আলম রুবেলের বাবা রুহুল আমিন বলেন, ছেলে বিদেশ থেকে ফিরে আসলে ব্যাংক ঋণ নিয়ে তাকে খামার করে দিয়েছিলাম। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন এই বৃদ্ধ বাবা।

খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, বিভিন্ন বয়সের ১৬টি গরু আক্রান্ত হয়েছে। একটি গরু মারা গেছে। কয়েকটি গরুর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভ্যাটেনারি সার্জনসহ আমরা সবাই মিলে আক্রান্ত গরুর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি। আক্রান্ত গরু গুলোর সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।