Home বিনোদন স্বাভাবিক জীবনে ফিরছেন আঁখি

স্বাভাবিক জীবনে ফিরছেন আঁখি

17

বিনোদন ডেস্ক।।
শুটিংয়ে অগ্নিদগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এরইমধ্যে ৩০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সম্প্রতি প্রথমবার উঠে দাঁড়িয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও নির্মাতা রাহাত কবির। তিনি বলেন, ৩০তম দিনে এসে আঁখি প্রথম উঠে দাঁড়িয়েছে। আঙ্গুলগুলোতে অল্প অল্প করে প্রাণ ফিরে পাচ্ছে। সবার দোয়া আর ভালোবাসায় নতুন করে জীবন শুরু করার শক্তি ফিরে পাচ্ছে। ওর জন্য দোয়া করবেন। এভাবে আরও কয়েক মাসের একটা কঠিন যুদ্ধ ওকে জয় করতে হবে। আমাদের সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা যারা এই কঠিন সময় প্রথম দিন থেকেই পাশে আছেন, সাহস দিয়ে যাচ্ছেন।

 

শারমিন আঁখি চলতি বছরের ২৮শে জানুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি টেলিফিল্মের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায় বলে সে সময় জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। এখানে আরও বেশ কিছুদিন তাকে থাকতে হবে বলে জানা গেছে।