মাগুরা প্রতিনিধি।।
ওয়াসিমা ওরিন ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামে তাঁদের বাড়ি। গ্রামটির পাশ দিয়ে পাকা রাস্তা বয়ে গেছে। উপজেলা সদর থেকে গ্রামটির দূরত্ব ২০ কিলোমিটার হলেও যোগাযোগ ব্যবস্থা ভালোই বলা চলে। উপজেলা সদর থেকে অটোরিকশা ও ভ্যানগাড়ি দিয়ে যাতায়াত করা যায় গ্রামটিতে। গ্রামের এক কোণে তাঁর বসতবাড়ি।
মানবিক বিভাগ নিয়ে স্থানীয় নহাটা বালিকা বিদ্যালয় অ্যান্ড আইডিয়েল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মেয়েটি।
স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে ওবায়দুর রহমানের সংসারে। নিজের জমি ৩০ শতক। এ জমি চাষবাদ করে সামান্য আয় হয়। শ্রমিক হিসেবে মানুষের ক্ষেতখামারে কাজ করেন তিনি। এ আয় দিয়ে চলে তাঁর সংসার। ছোট্ট মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দেওয়া পর থেকে ভর্তি হয়েছেন ঢাকার মিরপুর এলাকার একটি কোচিং সেন্টারে।
তবে কোচিংয়ে ভর্তি হওয়া সহজ ছিল না মেয়েটির। এ জন্য সম্প্রতি তাঁর বাবা নিজের ৩০ শতক জমির পুরোটাই প্রতিবেশী লাবলু মোল্লার কাছে বন্ধক দিয়েছেন। বন্ধক থেকে পেয়েছেন ১ লাখ টাকা। এই টাকা থেকে মেয়ের কোচিংয়ের খরচ দিচ্ছেন ওবায়দুর। তবে মেয়ের পড়ালেখার জন্য জমি বন্ধক দেওয়ায় তা থেকে আর আয় আসবে না। এর প্রভাবও পড়েছে তাঁর সংসারে। তাঁকে এখন আরও পরিশ্রম করতে হচ্ছে।
ওবায়দুর রহমান বলেন, তাঁদের সহায় সম্পত্তি বলতে নিজের ৩০ শতাংশের জমি আর টিনের ছোট্ট বসতঘর। এটির পাশাপাশি জমি বর্গা নিয়ে ফসল ফলিয়ে এবং কামলা খেটে এতদিন সংসার চালিয়েছেন। বড় মেয়ের ইচ্ছার কথা ভেবে ৩০ শতাংশ জমি ১ লাখ টাকায় বন্ধক রেখেছেন তিনি। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত জমিটি তাঁর দখলে থাকবে না। এখন তাঁকে বর্গা জমি বাড়ানোসহ কাজও বাড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে সামনের দিনগুলো বেশ কঠিন মনে হচ্ছে। তবু মেয়েটা যদি প্রতিষ্ঠিত হয়।
অরিনের মা মমতাজ বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। সাধ্য নেই। তবুও মেয়ের মুহের (মুখ) দিক তাকায়ে তার বাপ জমি বন্ধক রাখিছে। বাকিটুক আল্লাহর মেহেরবানি। যত কষ্টই হোক অরিন যতদিন না লেহাপড়া শিখে মানুষির মত মানুষ হচ্ছে আমাগের দুইজনে মিলে সংসারটা চালায়ে নিতি হবি।’
স্থানীয় নহাটা বালিকা বিদ্যালয় অ্যান্ড আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনন্দ কুমার দে বলেন, মেয়েটিকে লেখাপড়াসহ পরীক্ষার ফরম পূরণে সহযোগিতা করেছেন তাঁরা। তবে ভবিষ্যতে বড় প্রতিষ্ঠান তাঁদের পাশে দাঁড়ালে ভালো হয়।
ওয়াসিমা অরিন বলেন, ‘মা-বাবার কষ্ট দেখে প্রতিটি পরীক্ষায় ভালো ফল করার চেষ্টা করেছি। তাঁরা আমার জন্য সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। যেভাবেই হোক তাঁদের স্বপ্ন আমি পূরণ করব। আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ডিগ্রি নিয়ে বিশ্বদ্যিালয়ের শিক্ষক বা প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া। সম্ভব হলে উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া। তার পর দেশে ফিরে মানুষের সেবা করা।’
মেয়ের পড়ালেখার খরচ জোগাতে পারছিলেন না ওবায়দুর। তাই জমিটি তাঁর কাছে বন্ধক রেখেছেন বলে জানিয়েছেন লাবলু মোল্লা।
ইউএনও রামানন্দ পাল বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা তার দপ্তরে সাহায্যের আবেদন করলে তিনি তাদের সহযোগিতা করবেন।











































