মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন সংলগ্ন বনের পশুর নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। লাশটি হিন্দু ধর্মাবলম্বী নারীর। লাশের গলায় একটি মোটা রশিও রয়েছে।
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পশুর নদীর পশ্চিম পাড়ের সুন্দরবনের ঢাংমারী এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে লাল রংয়ের কাপড় পরিহিত ও গলায় মোটা রশি দেয়া রয়েছে। রাত ১১টা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। কাছাকাছি হওয়াতে লাশটি রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার সকালে লাশে ময়নাতদন্তের জন্য মোংলা থানা থেকে মর্গে পাঠানো হবে বলেও জানান নৌ পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তা।
এদিকে সীমানা জটিলতায় বাগেরহাটের মোংলা থানা ও খুলনার দাকোপ থানা পুলিশ লাশটি উদ্ধার না করলেও শেষমেষ দাকোপের তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি বিকেলে লাশটি উদ্ধার করেন। স্থানীয়রা বলেন, সুন্দরবনের পশুর নদীতে মঙ্গলবার দুপুর ২টা থেকেই লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা ও বনবিভাগের সদস্যরা। কিন্তু বনবিভাগ দুপুরেই বিষয়টি মোংলা ও দাকোপ থানা পুলিশকে জানালেও এ দুই থানা পুলিশ লাশটি উদ্ধারে এগিয়ে আসেননি। মুলত পশুর নদীর পূর্ব পাড় মোংলা থানা আর পশ্চিমে পাড় দাকোপ থানায় পড়েছে। পশুর নদীতে পুলিশের এ দ্বৈত শাসনের কারণেই লাশটি পড়ে থাকার কয়েক ঘন্টা পর অবশেষে নৌ পুলিশ উদ্ধার করনে। লাশের খবর দুই থানা পেলেও একে অপরের দিকে ঠেলে দেন এ বিষয়টি। সর্বশেষ নৌ পুলিশই দেখিয়েছেন তাদের মানবতা বলেও জানান স্থানীয়রা।











































