Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

48

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সফরসূচি
তথ্য বিবরণী
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম দুই দিনের সফরে ২ মার্চ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী সিনিয়র সচিব ২ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে রাজস্ব সংক্রান্ত মতবিনিময় সভায় এবং বিকাল তিনটায় হোটেল ক্যাসেল সালামে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার চেম্বার অব কর্মাসের নেতৃবৃন্দের সাথে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ৩ মার্চ সকাল ১০টায় খুলনা কর ভবনের সম্মেলনক্ষে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তাদের সাথে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

গিলাতলা দক্ষিনপাড়া থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিনপাড়া গাফফারফুড সংলগ্ন বালুরঘাটে গতকাল (মঙ্গলবার) বেলা সোয়া ১ টার সময় মাটির কাজ করার সময়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি গ্রেনেড-পাওয়া গেছে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান,স্থানিয়রা থানায় খবর দিলে গ্রেনেডটি উদ্ধার করে থানায় রাখা হয়। পরে খানজাহান আলী থানা পুলিশ, র্যাব ৬ এর বোমা ডিসপোজাল টিম এবং খানজাহান আলী ফায়ার সার্ভিসের সহায়তায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে বাইপাস সংলগ্ন ফুলতলা হাউজিং এষ্টেট এর ফাঁকা মাঠে বিকাল ৫ টার সময় গ্রেনেডটি নিস্ক্রিয় করা হয়। স্থানীয় লোকজনের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালের ।

এইচআইভি সম্পর্কে সচেতন হতে হবে
খবর বিজ্ঞপ্তি
এইচআইভি সম্পর্কে আরো সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। তারা সমাজে নিগৃহীত, বৈষম্য ও অপবাদের স্বীকার। নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস্ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ড্রপ ইন সেন্টার (ডিআইসি) এর মাঠ সংগঠক ও আউটলেট ম্যানেজারদের মৌলিক প্রশিক্ষণ শেষ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এসব কথা বলেন।

রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ২৬ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারিতে ৩ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমটির শেষ হয়।
এই কার্যক্রমের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল আরোও বলেন, আমরা জানি ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীরা সমাজে এখনো নিগৃহীত, বৈষম্য ও অপবাদের স্বীকার। আমরা তাদের স্বাস্থ্যসেবা প্রদান করছি। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঝুঁকিপূর্ন জনগোষ্ঠী হিসেবে যৌনকর্মীদের মুল ধারায় আনার জন্য কাজ করছি। আর সেই কাজের সামনের সারির সৈন্য আপনারা। আমরা চাই আপনারা ভালভাবে তাদেরকে সেবা প্রদান করবেন। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ সেবা প্রদানে আপনাদের দক্ষতা বৃদ্ধিতে সহয়তা করবে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক, এফ.এস.ডব্লিউ প্রজেক্টের প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট মাহবুবা রহমান, ট্রেনিং অ্যাডভোকেসি মোঃ আইয়ুব খান, টেকনিক্যাল স্পেশালিস্ট মনিটরিং শাহাদৎ হোসেন, প্রোগ্রাম অফিসার কায়েস উদ্দিন, মাহবুবুর রহমান, লাইলা পারভীন। প্রশিক্ষণে সারাদেশ থেকে ডিআইসি’র ফিল্ড অর্গানাইজার ও আউটলেট ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে চুরির চেষ্টা, হাসপাতালে তিনজন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট পৌরশহরের আমলাপাড়া লিচুতলা এলাকায় ঠিকাদার রবিউল ইসলামের বাসায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞান পার্টির দুবৃর্ত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে চুরি চেষ্টা করেছে। এতে বাসায় থাকা ঠিকাদার রবিউল ইসলাম (৪৫) তার মেয়ে কলেজ ছাত্রী রাইসা (১৮) ও বৃদ্ধা মা অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দৃবৃর্ত্তরা বাসার আলমীরা, ও বিভিন্ন ড্রয়ার খুলে তচনছ করলেও কোনো মালামাল বা টাকা নিতে পারেনি।
ঠিকাদার রবিউল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাহফিজুর রহমান জানান, সোমবার রাতের খাবার খেয়ে রবিউল ইসলাম রবির স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যান। ধারনা করা হচ্ছে ওই সময়ে পুর্ব থেকে ওৎপেতে থাকা দৃর্বৃত্তরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ওষুধ স্প্রে করে দেয়। এতে রবি, তার মেয়ে ও মা অচেতন হয়ে যায়। গভীর রাতে তার স্ত্রী এসে ডাকাডাকি করলে কেহ ঘুম থেকে ওঠেনা। এক পর্যায়ে খবর পেয়ে রবি’র ব্যবসায়ীক পার্টনার ঠিকাদার হেলাল আকনসহ বন্ধুরা এসে ঘরের দরজা ভেঙ্গে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সুস্থ স্বাভাবিক হয় নাই। আর দুবৃর্ত্তরা ঘরে তচনছ করলেও কোন কিছু নিতে পারে নাই বলে প্রাথমিকভাবে ঠিকাদারের স্ত্রী জানান। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।

বাগেরহাটে স্কুলের সামনে শিক্ষার্থীকে ইভটিজিং, বখাটের কারাদন্ড
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করায় শহীদুল ইসলাম (২০) নামের এক স্বভাব বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত বখাটে শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলত খান গ্রামে মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে ফকিরহাট উপজেলা সদরে একটি খাবারের হোটেলের ব্যবসা করেন।

সংশ্লিষ্ট ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে
স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয় এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্থানীয়দের হাতে আটক শহীদুল অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে পোশাক ও বই বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে বই ও পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম,মোর্শেদ, একাডেমিক সুপারভাইজার হিশামুল হক, সাংবাদিক শেখ আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়। বিনামূল্যে পোশাক ও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। একই দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর পক্ষ থেকে শ্রেনিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আধুনিক ডাস্টবিন প্রদান করা হয়।

বাগেরহাটে প্যারিস এগ্রিমেন্ট বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে প্যারিস এগ্রিমেন্ট এবং বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক জলবায়ু বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে । মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে, বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশনটিম (ইউক্যট) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি সই হয়।প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই চুক্তির আওতায়ধীন দেশগুলি জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলারের সহায়তা করবে। ২০৫০ সাল নাগাদ বিশ্বে কার্বনডাই অক্সাইডের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে আনার পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার ২০ শতাংশ বাড়ানো এবং এনার্জি এফিসিয়েন্সি ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারন করা হয় চুক্তিতে।
সভায় বক্তারা উন্নত দেশ গুলোর কাছ থেকে উন্নয়নশীল দেশ গুলোর ক্ষতিপুরনের দাবীতে এই সভার মাধ্যমে তৃনমূল পর্যায় থেকে দাবী আদায় জোরদার করার সংহতি প্রকাশ করে এবং সকলে এক যোগে কাজ করবে বলে সবাই প্রতিশ্রুতি দেয়।

ফকিরহাটের শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠান মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) বিকেল ৫টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্বপন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র।
অনুষ্ঠান বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক প্রভাষক এম এম সাইদুল আলম কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ আলহাজ্ব সেখ মশারেফ হোসেন। এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হৃষীকেশ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফিরোজ আহম্মেদ, মডেল থানা পুলিশের পরিদর্শক মুঃ আলীমুজ্জামান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সৌমা ভট্টাচার্য, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ায় অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মেলার নামে মানুষ নি:শ্ব করা অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলারোয়া পৌরসভার সামনে সাতক্ষীরা-কলারোয়া সড়কের উপর অনুষ্ঠিত বন্ধনে সভাপতিত্ব করেন, কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন।বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সহ-যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়ার যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,পৌর প্রেসক্লাবে দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মিন্টু, ব্যবসায়ী মুজিবর প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার ফুটবল মাঠে আনান্দ মেলার নামে চলছে অবৈধ লটারী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো নিরীহ স্বল্প আয়ের মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে কলারোয়ায় বিভিন্ন প্রান্তে। বাড়ছে চুরির সংখ্যাও। যার কারণে ইতিমধ্যে সর্বশান্ত হতে শুরু হয়েছেন অনেকে। পারিবারিক অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে।২০ টাকা মূল্যের এই লটারীর প্রলোভনে দিশেহারা কলারোয়াবাসী।পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন তারা।

সুশীলনের উদ্যোগে দাকোপে প্রকল্প অবহিতকরণ সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্টির অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধি, বিকল্প জীবিকায়ন সন্ধান, নেতৃত্বে উন্নয়ন এবং শিক্ষার মাধ্যমে জলবায়ু স্থিতিস্থাপক সমাজ তৈরীতে খুলনার দাকোপে সুশীলনের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অংশ্র গ্রহনকারী সরকারি, বেসরকারি, নাগরিক কমিটি, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিসহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট উপকারভোগী নেতৃবৃন্দরা বলেন, এ প্রকল্পের লক্ষ্য সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প জীবন জীবিকার সন্ধান, সুন্দরবনের সম্পদ রক্ষনাবেক্ষণ, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সহযোগীতা করা, সরকারের পরিকল্পনাকে শক্তিশালী করা এবং সরকারের নিজস্ব অর্থ ব্যয় করে সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উপকূলীয় এলাকার নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা, উপকূলীয় এলাকায় নির্ভরশীল জনগোষ্ঠীর সুন্দরবন সম্পদ ব্যবস্থাপনা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা, সুন্দরবনের সম্পদ ব্যবস্থাপনায় নীতি নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা এবং পতিত চরে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। সুশীলনের সহকারী পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন ও প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলামের সংক্ষিপ্ত উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌপদ বাছাড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কে এম আজগর হোসেন ছাব্বির, সুশীলনের উপজেলা ম্যানেজার ও ফ্যাসিলিলেটর রওশনারা খাতুন, ইউপি সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুফলভোগীরা।

বুধহাটা ফারিয়া’র কমিটি গঠন আলীম সভাপতি মামুন সম্পাদক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা এলাকায় কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত বুধহাটা ফারিয়ার ( ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) কমিটি গঠন করা হয়েছে। বুধহাটা ফারিয়ার সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে অবঃ সেনা সদস্য আব্দুল আলীমকে (কেমিস্ট ল্যাবঃ) সভাপতি এবং মামুন খানকে (রেডিয়েন্ট ফার্মা) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় বুধহাটা করিম সুপার মার্কেটে অনুষ্ঠিত বিশেষ সভায় বুধহাটা ফারিয়ার উর্ধ্বতন সভাপতি সাংবাদিক আইয়ুব হোসেন রানা এ কমিটি ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বুধহাটা ফারিয়ার আত্মপ্রকাশ ও কমিটির উর্ধ্বতন সভাপতিসহ কয়েকটি পদে অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি রায়হানুল ইসলাম (এসিআই), রোকনুজ্জামান (হেলথ্ কেয়ার) ও মিজানুর রহমান (এরিস্টোফার্মা), সিনিয়র যুগ্ম সম্পাদক জ্বলেমিন হোসেন (গুড লাইফ), যুগ্ম সম্পাদক মুন্না (বেক্সিমকো), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (ফার্মাসিয়া), ক্যাশিয়ার আরাফাত হোসেন (একমি), প্রচার সম্পাদক মোস্তাকিম বিল্লাহ (প্রজ্ঞা ল্যাবঃ) এবং ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল লতিফ (নিপা ফার্মা)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুল আজিজ ( এসকেএফ), আবুল কালাম (ড্রাগ ইন্টাঃ), মঈনুল ইসলাম (গ্লোব ফার্মা) ও জাহিদুল ইসলাম (নাভানা)। এছাড়া অন্য সকলেই সাধারন সদস্য। সভায় আগামি ১৭ মার্চ সুন্দরবনে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

রূপসায় ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় বিএনপি জামাতের নৈরাজ্যর বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ গত ২৮ ফেব্রুয়ারি বিকালে আলাইপুর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা।

ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সরদার কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন, শফিকুর রহমান ইমন।

ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন যুবলীগ নেতা ইকবাল হোসেন,টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল,স্বেচ্ছাসেবকলীগ নেতা জ্যাকি ইসলাম সজল,মুসা মোল্যা সবুজ,যুবলীগ নেতা মুরাদ মোল্যা,হাসান আলী,রবিউল ইসলাম,মারুফ মুন্সী,রেজাউন শেখ,আশিষ বিশ্বাস,শাকিল মোল্যা, তাপস দাস,মাহফুজুর রহমান মানিক,ইখতিয়ার মোল্যা, প্রতাপ পাল,শাহাদুল মোল্যা,উজ্জল শিকদার,জনী ফকির,আরিফ মোল্যা,শরিফুল ইসলাম সোহাগ, কিশোর ঠাকুর,মোজাহিদুর রহমান,শ্যামল বৈরাগী, প্রকাশ বিশ্বাস,তুষার রায়,উত্তম দাস,ভূবন বালা,পবিত্র মহলী,সুব্রত মল্লিক, নাহিদ শেখ,ফারুক শেখ,বাবু শিকদার,হাবিব ফকির,আবুল কালাম,শুভংকর মন্ডল, আরিফ মোল্যা,গোলাম মোস্তাফা কিনু,মাসুদ শেখ, হিরন ফকির,শিমূল মোল্যা,শাকিল মোল্যা,ফারুক শেখ ছাত্রনেতা মোল্লা রূবেল হোসেন,রূপম দাস,আজমাইন ইনকিয়াদ,সজীব পাল শুভ,রকিবুল ইসলাম,নাঈম শেখ প্রমূখ।

মহেশপুরে মাটির নিচ থেকে রিভালবার উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের ইনজামামুল নামে এক যুবকের কাছ থেকে একটি নষ্ট পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে এ পিস্তলটি উদ্ধার করেন মহেশপুরের ভৈরবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। ইনজামামুল একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এসআই আব্দুল মান্নান জানান, ইউনিয়ন যুব দলের সভাপতি শরিফুল ইসলামের বাড়ির ভিটে জমি খুড়াখুড়ির সময় একটি পুরাতন অকেজো পিস্তল পান তার ছেলে ইনজামামুল। পরে সে পিস্তল নিজের হেফাজতে রাখে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে উক্ত অস্ত্রটি ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় ইনজামামুলকে ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ির পাশে খোড়াখুড়ির সময় এটি পায় এবং তার নিজের কাছে রাখে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ভৈরবা গ্রামে মাটি কাটার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।

অংশ নেবেন ১৫টি দেশের প্রতিনিধি
খুবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে।
আজ ০১ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করবেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এই সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির নরম্যান সি ডিউক। সিম্পোজিয়ামে মোট ১৩৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে।

খুবিতে ডি-নথি কার্যক্রম বাস্তবায়ন শুরু
খবর বিজ্ঞপ্তি
ইউজিসিতে আনুষ্ঠানিক উদ্বোধনের দু’দিনের মধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি-নথি কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় ডি-নথির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে উপস্থাপিত ডি-নথি উপাচার্যের অনুমোদনের জন্য পেশ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। উপাচার্য উক্ত নথির নোটাংশ অনুমোদন দিয়ে ডি-নথি রেজিস্ট্রারের নিকট প্রেরণ করেন। পরে অনুমোদন শেষে রেজিস্ট্রার ডি-নথির প্রক্রিয়ায় পত্র জারি করেন। উক্ত নিয়োগপত্র নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খানের নিকট প্রেরণ করা হয়।

খুবিতে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
ছাত্রদের বিভাগে বাংলা ও ছাত্রীদের বিভাগে ডিএস চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৩ এর ফাইনাল খেলা ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের মোবারেক হোসেন নোমান।
অপরদিকে বেলা ২.৩০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের পম্পি পাল।
এছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন ছেলেদের বিভাগে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মোসাদ্দেক আল মামুন এবং মেয়েদের বিভাগে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নুসরাত জাহান জুই।
ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এবছরের শুরু থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে এবছর আমরা রানার্সআপ হতে পেরেছি। এটি নতুন নতুন খেলোয়াড়দের উৎসাহ ও প্রেরণা জোগাবে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্পপতি মোহাম্মাদ আলি পাশার মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ঠ শিল্পপতি ও সেভেন রিং সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলি পাশার মৃত্যতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন খান, রুহুল কুদ্দুস, রোকনুজ্জামান বাবলু, সাজ্জাদ চঞ্চল, মো. মিকাইল হোসেন, আ. মান্নান ওরফে মুন্নাফ, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল, মো. হাসান প্রমুখ।

মহেশপুরে প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাকে পেটালেন বহিরাগত কবির
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
সাংবাদিক দেখে পালিয়ে যাওয়া গড ডেভোলমেন্ট ওয়ার্কার ইমামুল কবির মিন্টু প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল কাদেরকে অফিসের ভিতর প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে। আহত আব্দুল কাদের ঝিনাইদহের মহেশপুর প্রাণী সম্পদ অফিসের ভ্যাটেনারী ফিল্ড এ্যাসিন্সেষ্ট পদে কর্মরত।
মারপিটের ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুর প্রাণী সম্পদ অফিসের মধ্যে।
অভিযোগ উঠেছে মহেশপুর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা ডাঃ আতিবুর রহমানের সহযোগিতায় মেয়াদ শেষ হয়ে যাওয়া গড ডেভোলমেন্ট ওয়ার্কার ইমামুল কবির মিন্টু তিনি ডাক্তার সেজে গরু,ছাগল,হাঁস ও মুরগির চিকিৎসা করে থাকেন। এমনকি অফিসের গুরুত্বপুর্ন ফাইল গুলোও থাকে তার কাছে।
প্রাণী সম্পদ অফিসে প্রাণী নিয়ে আসা কয়েক জন জানান, গড ডেভোলমেন্ট ওয়ার্কার ইমামুল কবির মিন্টু নিজে ডাক্তার সেজে ডিসপেনসিং রুমে বসে বিভিন্ন এলাকা থেকে নিয়ে আশা প্রানী গুলো চিকিৎসা করে থাকেন। হঠাৎ করেই সাংবাদিক দেখে পালিয়ে যান ইমামুল কবির মিন্টু। পরে সাংবাদিকরা চলে গেলে ইমামুল কবির মিন্টু অফিসের ভিতর ভ্যাটেনারী ফিল্ড এ্যাসিন্সেষ্ট আব্দুল কাদেরকে কিল ঘুষি ও চেয়ার দিয়ে পেটাতে থাকে। এর এক পর্যয়ে ইমামুল কবির মিন্টু অফিস থেকে পালিয়ে যায়।
আহত মহেশপুর প্রাণী সম্পদ অফিসের ভ্যাটেনারী ফিল্ড এ্যাসিন্সেষ্ট আব্দুল কাদের জানান, আমি আমার অফিসের রুমে বসে কাজ করা অবস্থায় আমাকে আমার রুমের মধ্যে ও পরে পেটাতে পেটাতে বাহিরে নিয়ে আসে গড ডেভোলমেন্ট ওয়ার্কার ইমামুল কবির মিন্টু। যা অফিসে আসা অনেকেই গেখেছে।
গড ডেভোলমেন্ট ওয়ার্কার ইমামুল কবির মিন্টু জানান, আমাদের প্রকল্পটা দু’ বছর আগেই শেষ হয়ে গেছে। স্যার (মহেশপুর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা ডাঃ আতিবুর রহমান) আমাকে অফিসের এই চেয়ারে বসিয়েছেন। তাই আমি এই চেয়ারে বসে প্রাণী চিকিৎসা করে থাকি। মহেশপুর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা ডাঃ আতিবুর রহমান জানান. অফিসের মধ্যে মারপিটির ঘটনাটি দুঃজনক। আমি আমার উর্দ্বতন কর্তৃকক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

মহেশপুরে ধানের পর চাল সংগ্রহেও ব্যার্থ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আমন মৌসুমে ধানের পর এবার চাল সংগ্রহের অভিযান ব্যার্থ। গত তিনমাসে কোন ধান সংগ্রহ হয়নি। চাউল তিন ভাগের এক ভাগ। সময় শেষের দিকে। গত ২৫ নভেম্বর এ অভিযান শুরু হয়ে ২৮ফেব্রুয়ারী শেষ দিন ছিল। বাজার দরের তুলনায় সরকারি দাম কম,প্রচারণা ও তদারকি না থাকা,কর্মকর্তাদের অনিয়ম,কৃষক হয়রানিসহ নানা কারণে খাদ্যগুদামে কৃষকের ধান বেচায় আগ্রহ নেই বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১৪৫ টন কিন্তু এক টন ধানও সংগ্রহ করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে সময় শেষের দিকে মিলারদের কাছ থেকে এ পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে মাত্র ২২২ টন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান,সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬৫৮ টন। কিন্তু বাজার মূল্য থেকে সরকার মূল্য কম থাকায় তারা ধান চাল সংগ্রহ করতে পারেনি। তিনি আরো বলেন, ৬৫৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও মিলারদের সাথে চুক্তিপত্র হয়েছিল ২৩৬টন যা অর্জিত হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, এ আমন মৌসুমে উপজেলার ১৮ হাজার ১৮৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ফলনও মোটামুটি ভালো। উৎপাদন হয়েছে ৮৮ হাজার ৮৭ টন ধান এবং চাউল ৫৮ হাজার ৭২৫ টন।
উল্লেখ্য, মহেশপুর উপজেলা একটি খাদ্য ভান্ডার উপজেলা। এ উপজেলায় যে খাদ্য উৎপাদিত হয় তার ৬০% রপ্তানিযোগ্য। বাকিগুলি ৪০% ভোক্তাদের লাগে। এতো খাদ্য উৎপাদন হওয়ার পরও সরকারি খাদ্য গুদামে খাদ্য সংগ্রহ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ইন্দুরকানীতে প্রানী সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে প্রানি সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম এর সভাপতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলী সভাপতি এ্যাড. এম মতিউর রহমান,বিশেষ অতিথি ডাঃ তরুন কুমার সিকদার, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা,এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান,ইন্দুরকানী সরকারী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, ভেটেরিনারী সার্জন মোঃ মহিউদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রোকৌশলী শিমুল বড়াল, সমাজসেবা কর্মকতা মোঃ মশিদুল হক, সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান,মেলায় ৩০টি স্টলে দেশীয় ও উন্নত জাতের গবাদী পশু,মহিশ, ছাগল,হাঁস-মুরগী,খরগোশ,কবুতর,পোষা বিড়াল সহ বিভিন্ন প্রজাতির পশু প্রদর্শন করা হয়।
সভা পরিচালনা করেন প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা জান্নাতুল মাওয়া এশা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন।

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি-ফাররুখ, সম্পাদক-শফিকুল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির নিজস্ব কার্যালয়ে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মোঃ ফাররুখ হোসেন খান ৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম খান পান ১৮, সহ-সভাপতি পদে তাপস চক্রবর্তী ৪৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ খান ১৯, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল মোল্লা ৪৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল খান ২২, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন ২৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন খান ২৪, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন ৩৪, নিকটতম আজমল হোসেন ৩১, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশান্ত কুমার জোদ্দার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান ২৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল চন্দ্র নাথ ২৬, ক্রীড়া ও ভ্রমণ বিষয়ক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সামছুর রহমান মোড়ল, নির্বাহী সদস্য সুজন কুমার রায় ৪৩, রেজাউল করিম মোড়ল ৪১ ও নিত্যানন্দ মন্ডল ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্ট্রী অফিসের পেশকার মোঃ মাহাবুর রহমান। সহকারী ছিলেন নির্বাচন পরিচালনা প্রধান মোঃ আশরাফ হোসেন খান। এসময় উপ¯ি’ত ছিলেন সদস্য রওনাকুল ইসলাম সরদার, রঞ্জন কুমার মন্ডল, সুজিত কুমার বর্ধন ও মোঃ আকতার হোসেন শেখ।

 

খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
“প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল” এ শ্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চ উদযাাপনে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বিকাল ৪.০০ টায় বয়রাস্থ সংসদের নিজস্ব কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রওশন বিল্লাহ বেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন খুলনার আয়োজনে এবং ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী ও ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের পরিচালনা ও পরিবেশনায় খুলনার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ ১৯৪৯ জন ক্ষুদে বঙ্গবন্ধুর কন্ঠে উপস্থাপন করা হবে। অনুষ্ঠান উপলক্ষ্যে ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ পরিচালনা পর্যদের প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পরিচালক শেখ অলিউর রহমান, সংগঠনের সার্বিক বিষয় তুলে ধরেন এল কে টফি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অরবিন্দ মৃধা, পরিমল মল্লিক, মোঃ ইমদাদ আলী, তরুন কুমার মজুমদার, সুখময় বিশ^াস, প্রশান্ত হালদার, এম এম তৈয়াবুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের চেয়ারম্যান এস এম হুসাইন বিল্লাহ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা তাই বঙ্গবন্ধুকে ও তার ঐতিহাসিক ভাষণকে জাগ্রত রাখতে হলে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে তার ভাষণ প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সেই ২০১০ সাল থেকে ক্ষুদে বঙ্গবন্ধুদের প্রশিক্ষণ প্রদান করতে করতে আজ কয়েক লক্ষ ক্ষুদে বঙ্গবন্ধু তৈরি হয়েছে এবং ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহবান জানান পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের স্ব স্ব দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

 

 

পাঁচ দাবিতে খুলনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
বিড়িতে শুল্ক বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার খুলনা চেম্বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন শেষে খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হকের মাধ্যমে এনবিআর চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন শ্রমিকরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে– ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক ১৮ থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সব বিড়ি বন্ধ করা, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্বাধীনতার পর এ অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়িশিল্পকে শুল্কমুক্ত ঘোষণা করেন। শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেট বক্তৃতায় বিড়িতে শুল্ক কমিয়ে সিগারেটে বাড়ানোর নির্দেশনা দেন। কিন্তু তা না করে বিড়িতে শুল্ক বাড়ানো হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা আহ্বায়ক আবদুস সালাম মুন্সী। বক্তব্য দেন হারিক হোসেন, আবদুর রহমান, আবদুল গফুর, শামীম ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

মেহেরপুরে হত্যা মামলায় উপজেলা কৃষকলীগ সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের এনামুল হক নইলু হত্যা মামলার রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ। এই রায়ে গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান সহ আট জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান (৫৫), ছামিদুল ইসলাম (২৭), শাহার আলী (৪২), টিপু সুলতান (২২), আব্দুল খালেক (৩৭), আক্তারুজ্জামান আক্তার (৪৪), আব্দুল মান্নান (৪৫) ও জিল্লুর রহমান (৪৫)। দণ্ড পাওয়া সবাই গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড পল্লব ভট্টাচার্য জানান, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত এনামুল হক নইলুর ভাই ইউপি সদস্য আজমাইল হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষী জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরদ্ধে এই রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে অ্যাড. একেএম শফিকুল আলম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মামলায় ১৫ জন সাক্ষী গ্রহণ করে বিচারক এ রায় দেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার এসআই মাহাতাব উদ্দিন এবং পরবর্তীতে সিআইডির এসআই হাসান ইমাম দায়িত্ব পালন করেন।

খেলতে গিয়ে ‘বোমা’ কুড়িয়ে পেল শিশুরা, বিস্ফোরণে আহত ২
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে কুড়িয়ে পাওয়া একটি ‘বোমা’ বিস্ফোরণে সাঈদ হোসেন (১১) ও রুবেল হোসেন (১১) নামের দুই শিশু আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাঈদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাঈদ শহরের থানা পাড়ার নাসিম উদ্দিনের ছেলে ও রুবেল সদর উপজেলার গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর থানা এলাকায় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, সকালে শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ‘বোমা’ কুড়িয়ে পায় বলে জেনেছি। তারা বুঝতে না পেরে এতে জড়ানো প্লাস্টিকের টেপ খুলতে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার বিস্ফোরণে সাঈদ ও রুবেল নামের দুই শিশু আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বোমাটি শিশুরা কীভাবে পেল সে সম্পর্কে তদন্ত করে জানাবেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বোমা বিস্ফোরণের জায়গা পরিদর্শন করা হয়েছে। আলামতও সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোলে ছোলা আমদানি বাড়লেও বাজারে দাম চড়া
বেনাপোল প্রতিনিধি
রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে ভোগ্যপণ্য আমদানি। বেশি আসছে ছোলা ও বিভিন্ন ধরনের ফল। আমদানি স্বাভাবিক থাকলে আগামী দুই মাসে ভোগ্যপণ্যের দাম অনেকটা কমে আসবে, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। তবে বাজারে এসব পণ্যের দাম এখনও চড়া। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

গত তিন দিনে ভোগ্যপণ্য ও ফলবাহী ৩২০টি ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দ্রুত খালাস প্রক্রিয়া শেষে এগুলো পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে জায়গা স্বল্পতার কারণে পণ্য খালাসে বেশি সময় লাগছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫৫ ট্রাক ভোগ্যপণ্য ও ফল আমদানি হয়েছে। তবে এ তিন দিনে ফল আমদানির পরিমাণ বেশি। চিনির শুল্ক কমানোর পর এ পর্যন্ত কোনো চিনি ও খেজুর আমদানি হয়নি ভারত থেকে। তবে রোজা শুরুর আগেই খেজুর আমদানি হবে বলে জানান কয়েকজন ব্যবসায়ী।
রমজানকে সামনে রেখে ভারত থেকে আমদানি করা হচ্ছে ছোলা ও বিভিন্ন রকমের ফল। ঋণপত্র খোলার জটিলতা নিরসন হওয়ার পরপরই ছোলা আমদানি শুরু হয়ে গেছে। তবে ফল আমদানি হচ্ছে অনেক আগে থেকেই। এসব পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে এলসি সহজের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগেই নির্দেশ দিয়েছে সরকার। এ কারণে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম সহনীয় থাকার আশা ব্যবসায়ীদের।
এদিকে এতকিছুর পরও বাজারে দাম আকাশচুম্বী। প্রতি কেজি ছোলা পাইকারি বাজারে ৭৮ টাকা ও খুচরা বাজারে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারি বাজারে চিনি ১০৩ টাকা, পেঁয়াজ ২০ টাকা, আপেল ১৮০, আঙুর ২০০ টাকা ও কমলা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে চিনি ১১২ টাকা, পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, আপেল ২৩০, আঙুর ২২০ টাকা ও কমলা ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, চাহিদা থাকায় ভারত থেকে অধিক পরিমাণে ছোলা ও ফল আমদানি করা হচ্ছে। এছাড়া ব্যাংক এলসি দেওয়ায় খাদ্য আমদানি সহজ হয়েছে বলে জানান তারা।
তবে ক্রেতারা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজায় বাজার মনিটরিং জোরদার করার দাবি তাদের।
বেনাপোল বাজারের আড়তদার ইছাহাক উদ্দিন বলেন, ভারত থেকে ছোলা আমদানি বেড়েছে। কাজেই সরবরাহ বেশি হওয়ার কারণে ছোলার দামও কমছে। কিন্তু খোলা বাজারে দাম তেমন কমছে না। বাজার মনিটরিং জোরদার করার দাবি তার।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে আমদানিকৃত ভোগ্যপণ্যগুলো খাওয়ার উপযোগী কিনা যাচাই করতে মান পরীক্ষা করা হচ্ছে। এরপর বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ভোগ্যপণ্য দ্রুত বন্দর থেকে খালাস করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশে বছরে ১ লাখ ২০ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই ইফতারের জন্য ৮০ হাজার টন ছোলার প্রয়োজন হয়।

চাল আত্মসাৎ// বহিষ্কৃত খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
চাল আত্মসাতের অভিযোগে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলএসডি খাদ্য গুদামের বহিষ্কৃত পরিদর্শক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান মামলাটি করেন। অভিযুক্ত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা সড়কের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শফিকুল ইসলাম উল্লেখিত খাদ্য গুদামে দায়িত্ব পালনের বিভিন্ন সময় চারটি গুদাম ১৮৯.৯৮ টন চাল আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ৮৯ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনা জানাজানি হলে গত বছরের ৩০ ডিসেম্বর খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কুষ্টিয়া জেলার খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, মাগুরার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী রসায়নবিদ ইকরামুল কবীর ও ঝিনাইদহ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজ উদ্দীন আহমেদ। তদন্ত কমিটি চলতি বছরের ৬ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্তে শফিকুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।
ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত শফিকুল ইসলাম মাগুরার শালিখা উপজেলা আড়পাড়া এলএসডি খাদ্য গুদামে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন। গঠিত তদন্ত কমিটির চাল আত্মসাতের প্রমাণ পায়। এরপর নিয়মিত মামলা হয়েছে।

বিষাক্ত জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ
যশোর অফিস
যশোরে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা এক টন চিংড়ি ধ্বংস করেছে র্যাব। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে মাছগুলো জব্দ করা হয়। এ ঘটনায় দুই বাসমালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বিষাক্ত জেলি পুশ চিংড়ি নিয়ে মোংলা টু ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের বাস ও পিরোজপুর টু রাজশাহীগামী মেট্রোপলিটন বাস যশোরের মনিহার মোড় হয়ে যাচ্ছিল। সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি নাজমুল হক এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজার সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে বাস দুটি থামিয়ে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করা আছে কি না তা চেক করা হয়। এসময় বাস দুটিতে ককশিট ভর্তি বিপুল পরিমাণ (এক টন) চিংড়িতে জেলি পুশের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে শামীম এন্টারপ্রাইজ বাসের মালিক শামীম হোসেনকে ৩০ হাজার টাকা এবং মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ চিংড়ি ধ্বংস করা হয়েছে।

 

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আসা ৫৫ হাজার টন কয়লা খালাস শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আসা ৫৫ হাজার টন কয়লা খালাস শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মোংলা বন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়ায় থেকে এই কয়লা খালাস শুরু হয়েছে।
এর আগে ২৩ ফ্রেব্রুয়ারি সকালে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন নাইট’ ৫৫ হাজার টন কয়লা নিয়ে ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারি ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন নাইট’ এ আসা কয়লা খালাস শুরু হয়েছে। ছোট লাইটারে করে বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া শুরু হয়েছে। দুই একদিনের মধ্যে কয়লা খালাস শেষ হবে বলে জানান তিনি।

রিয়াজুল আরও বলেন, এপর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ছয়টি মার্চেন্ট শিপ এবং তিনটি লাইটার জাহাজে করে দুই লাখ ৩৪ হাজার ৭৫২ মেট্রিক টন কয়লা এসেছে। এর মধ্যে ২০২১ সালের ১৯ জুলাই তিনটি ছোট লাইটার জাহাজে করে তিন হাজার ৭৫২ মেট্রিক টন, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার এবং ৬ নভেম্বর ৩৩ হাজার মেট্রিকটন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৩৩ হাজার, ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার মেট্রিকটন কয়লা আনা হয়। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি আরও ৫৫ হাজার কয়লা এসেছে। এখন এই কয়লার খালাস চলছে।

ঢাকার আদলে খুলনায় একাধিক শহীদ মিনার
স্টাফ রিপোর্টার
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে খুলনায় একাধিক শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষাশহীদদের স্মৃতি অমর করে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা জাগ্রত করতে এসব শহীদ মিনার নির্মাণ করা হয়।

এর মধ্যে শহীদ হাদিস পার্কের শহীদ মিনার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, খুলনা মেডিক্যাল কলেজের শহীদ মিনার, পাইকগাছা বিদ্যালয়ের শহীদ মিনার ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরের শহীদ মিনার উল্লেখযোগ্য। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ব্যতিক্রমী আদলে তৈরি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে শহীদ হাদিস পার্কে শহীদ মিনার নির্মাণ করা হয়। তৎকালীন পৌরসভার চেয়ারম্যান ও ভাষাসৈনিক গাজী শহীদুল্লাহ এই শহীদ মিনার উদ্বোধন করেন। পৌরসভার অর্থায়নে এটি তৈরি করা হয়। গত ৪০ বছর ধরে এখানে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন খুলনাবাসী। কিন্তু শহীদ মিনারটি জরাজীর্ণ হয়ে পড়ায় হাদিস পার্কে নতুন একটি শহীদ মিনার করা হয়। সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শহীদ হাদিস পার্কের শহীদ মিনার আধুনিকায়নের প্রকল্প গ্রহণ করেন। ২০১২ সালে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের খরচ ধরা হয় আট কোটি ৪১ লাখ টাকা। শহীদ মিনারটির আয়তন ছয় হাজার ৮৬০ বর্গফুট। শহীদ মিনারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা যাতে সহজে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য একটি র্যাম্প তৈরি করা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১৪ সালের জুনে।
খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সালমা আক্তার বলেন, ‘হাদিস পার্কের শহীদ মিনারটি কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি। এটি দেখতে অনেক সুন্দর। আশপাশের পরিবেশও চমৎকার।’
খুলনা আহসানউল্লাহ কলেজের শিক্ষার্থী ইয়ামিন আহমেদ বলেন, ‘হাদিস পার্কের শহীদ মিনারটি পূর্ণাঙ্গ শহীদ মিনার। যেটি দেখতে খুবই সুন্দর।’
১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৬ সালে এটিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) করা হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বছরের পর বছর ক্যাম্পাসের বটতলায় স্থাপিত প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হতো। ২০১৬ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সালে শহীদ মিনার নির্মাণের কাজ শেষ হয়। ২০১৮ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শহীদ মিনার উদ্বোধন করেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, ‘এক কোটি টাকা ব্যয়ে দুই হাজার ২২২ বর্গমিটার এলাকায় ১১.৯৮ মিটার উচ্চতার শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি নির্মিত।’
তিনি বলেন, ‘শহীদ মিনারে পাঁচটি লেভেল এবং একুশে ফেব্রুয়ারিকে সম্মান জানাতে ২১টি ধাপ রয়েছে। পঞ্চম লেভেলে রয়েছে শহীদ মিনারের মূল বেদি। মিনারে রয়েছে লাল সূর্য। শহীদ মিনারের বিভিন্ন লেভেলে গাছ ও সবুজ ঘাস রাখা হয়েছে। যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে পেছনে তৈরি করা হয়েছে লেক। ভাষাশহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি স্থাপনাটি নতুন প্রজন্মের দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে ২০১৯-২০ অর্থবছরে আড়াই লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার তৈরি করা হয়। বর্তমানে মিনহাজ বাজারে একই আদলে আরও একটি শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। এটাতেও একই খরচ হচ্ছে।’
২০১৪ সালের শেষের দিকে খুলনা মেডিক্যাল কলেজ ভবনের সামনে পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করা হয়। ২০১৫ সালের ৩ মার্চ এই শহীদ মিনার উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘এটি পূর্ণাঙ্গ শহীদ মিনার। যেকোনো মেডিক্যাল কলেজে নির্মিত শহীদ মিনারের চেয়ে বড়।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা ব্যতিক্রম। এটির দৈর্ঘ্য ৩৮ ফুট ও প্রস্থ ৩৫ ফুট এবং উচ্চতা ৩২ ফুট। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি উন্মুক্ত নকশা প্রতিযাগিতার আহ্বায়ন করা হয়। ১৭টি নকশা জমা পড়েছিল। পরে স্থাপত্য ডিসিপ্লিনের ৯৫ ব্যাচের চার শিক্ষার্থীর ডিজাইন নির্বাচন করা হয়। ১৯৯৭ সালের ১৮ জুন শহীদ মিনার স্থাপন সংক্রান্ত প্রস্তাবের প্রশাসনিক অনুমােদন দেওয়া হয়। ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর শহীদ মিনারের নির্মাণকাজের উদ্বােধন করেন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম।

প্রথমপর্যায়ের কাজ শেষে ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বােধন করা হয়। ২০০১ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

সেনহাটি বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার প্রাচীন জনপথের ঐতিহ্যবাহী সেনহাটি বাজার সমিতির (১২১৫) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী একতেয়ার শেখ চেয়ার প্রতীক নিয়ে ১৬৯ ভোট পান। সহ-সভাপতি পদে সৈয়দ মেজবাহ উদ্দিন গোলাপ ফুল প্রতীক নিয়ে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ জাকির দেয়াল ঘড়ি নিয়ে ১৭৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান নবী সাইকেল প্রতিক নিয়ে ১৩৪ ভোটে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী ফুয়াদ হাসান বাবু তালা চাবি মার্কা নিয়ে১১৪ ভোট পান ও মোঃ ইকরাম খান হারিকেন প্রতিক নিয়ে পান ১১১ ভোট।

এছাড়াও সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ ২৩৩ ভোটে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শাহিন হোসেন ৭০ ভোট ও মোহাম্মদ আকবর আলী ৫৬ ভোট পান। সাংগঠনিক সম্পাদক শ্রী সুনীল বিশ্বাস ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী শ্যামল মন্ডল ১৬০ ভোট পান। প্রচার সম্পাদক মোঃ জব্বর সিকদার ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, নিকটতম প্রতিদন্দী মোঃ হায়দার আলী ৯৫ ভোট পান। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আবু তালেব ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুরাদ হোসেন পান ১২১ ভোট। সাধারণ সদস্য মোঃ কুদ্দুস মৃধা পান ১১২ ভোট, মোঃ বাবুল হোসেন ৫৬ ভোট, মোঃ আব্দুল আহাদ খলিফা ৫২ ভোট, মোঃ জাহাঙ্গীর হোসেন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যাবসায়ী মোল্লা ফারুক হোসেন।

তালায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীর বাল্যবিবাহ ঠেকাল মহিলা অধিদপ্তর
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় নবম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বেলা ১১টার দিকে তিনি খবর পান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে একই এলাকার নবম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীর মধ্যে অভিভাবকেরা বিয়ের আয়োজন করেছেন। ওই খবরের ভিত্তিতে তিনি অফিস সহায়ককে দিয়ে ছাত্র ও ছাত্রীর অভিভাবকদের একটি নোটিশ পাঠান।

নোটিশে বেলা একটার মধ্যে ছেলে ও মেয়েকে নিয়ে অভিভাবকদের তাঁর কার্যালয়ে হাজির হতে বলা হয়। নির্দেশনামতো বেলা একটার দিকে তাঁরা তাঁর কার্যালয়ে আসেন।

নাজমুন নাহার আরও বলেন, ছেলেমেয়ের অভিভাবকদের বলা হয়েছে, ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি। এ কথা শুনে ছেলে–মেয়ের অভিভাবকেরা মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, নির্দিষ্ট বয়সের আগে তাঁদের ছেলে–মেয়ের বিয়ে দেবেন না। এ সময় ছেলে ও মেয়ের অভিভাবক ছাড়াও জাকিয়া সুলতানা ও রেশমা বেগম নামের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুজন সদস্যও উপস্থিত ছিলেন।
নাজমুন নাহার জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে ১২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

লবণাক্ত বিলে প্রথম শর্ষে চাষে কৃষকের মুখে হাসি
খুলনাঞ্চল রিপোর্ট
অনাবাদি বিলের মাঝখানে প্রায় পাঁচ বিঘা জমিতে শর্ষে চাষ করা হয়েছে। সবুজে পরিপূর্ণ গাছের শর্ষেয় পাক ধরতে শুরু করেছে। বিলের পাশের চলাচলের রাস্তার ধারেও তিন বিঘা জমিতে বাতাসে দোল খাচ্ছে শর্ষেগাছ।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে অবস্থিত এ বিলের নাম ‘উলার বিল’। বিলটিতে অনাবাদি পতিত জমির পরিমাণ ৯০০ বিঘার বেশি। লবণাক্ত ওই বিলসহ আশপাশের সব বিলে মাত্র একটি ফসলই হতো—আমন ধান। সেটিও বর্ষা মৌসুমে। জুনের শেষ সপ্তাহ থেকে শুরু আমন আবাদ। অক্টোবরে ধান ঘরে ওঠে। এরপর পুরো বছরই পতিত পড়ে থাকত বিলের জমি।
এবারই প্রথম উলার বিলে শর্ষে চাষ করেছেন স্থানীয় কৃষক মোশাররফ হোসেন ও মজিবর রহমান। এভাবে কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ১৪ জন কৃষক প্রায় ২৫ বিঘা জমিতে বারি-১৮ জাতের উচ্চ লবণসহনীয় শর্ষে চাষ করেছেন। কৃষকদের বীজ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন কৃষি গবেষণা বিভাগের কয়রা আঞ্চলিক কার্যালয়।

উলার বিলে গিয়ে দেখা যায়, বিলজুড়ে পড়ে আছে কেটে নেওয়া আমন ধানের গোড়া। মাটিও শুষ্ক। বিলের এক প্রান্তে জাল দিয়ে ঘিরে রাখা কৃষক মোশাররফ হোসেনের শর্ষেখেত। এরই মধ্যে পাক ধরেছে শর্ষেয়।

বিলে নিজের পাঁচ বিঘা জমি রয়েছে জানিয়ে কৃষক মোশাররফ হোসেন বলেন, ‘বিলটিতে আমরা আমন ধানের বাইরে কখনো কোনো ফসলের চাষ হতে দেখিনি। লবণাক্ততা ও পানির সমস্যার কারণে আমিও কখনো অন্য ফসলের চাষ করতে চেষ্টা করিনি। এবার প্রথমবারের মতো সরেজমিন কৃষি গবেষণা বিভাগের পরামর্শে বারি-১৮ জাতের শর্ষে চাষ করেছি। তারা আমাকে বিনা মূল্যে বীজ ও প্রশিক্ষণ দিয়েছে। প্রথম দিকে অনিশ্চয়তা থাকলেও দুই মাস পর ফলন ভালো দেখে খুশি হয়েছি।’

বিলে রাস্তার পাশেই মজিবর রহমান নামের আরেক কৃষকের তিন বিঘা জমি আছে। এবার সেই জমিতেও বারি-১৮ জাতের শর্ষে চাষ করা হয়েছে। মজিবর রহমান বলেন, ‘আমার খেতে শর্ষের ফলন ভালো হয়েছে। এলাকার অন্য কৃষকেরাও তাঁদের জমিতেও শর্ষের চাষ করবেন বলে জানাচ্ছেন। অনেকেই আমার কাছে শর্ষের বীজ চেয়েছেন।’

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খুলনা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশীদ বলেন, ‘এ এলাকায় কৃষকেরা আমন ধান কাটার পরে জমি ফেলে রাখেন। তাঁদের দ্বিতীয় ফসল হিসেবে শর্ষে চাষে উদ্বুদ্ধ করতে বারি-১৮ জাতের শর্ষের বীজ বিনা মূল্যে দিয়েছিলাম। পাশাপাশি কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলাম। আমরা শর্ষে চাষে মাঠ দিবসও করেছি। এর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আগামী মৌসুমে শর্ষে চাষ বৃদ্ধিই মূল লক্ষ্য।’

বারি-১৮ জাতের শর্ষে উদ্ভাবন করেছেন বিআরআরআইয়ের গাজীপুরের প্রধান কার্যালয়ের পরিচালক আবদুল লতিফ আকন। জাতটি সম্পর্কে তিনি বলেন, বারি-১৮ জাতের শর্ষে অন্য শর্ষের মতো হলেও এটি অপেক্ষাকৃত অধিক লবণসহিষ্ণু। এটি ক্যানোলা জাতের শর্ষে। এ জাতের বীজের তেলে মানবদেহের জন্য ক্ষতিকারক ইরুসিক অ্যাসিডের পরিমাণ অনেক কম। প্রতিটি গাছে শর্ষের বীজ হয় তিন হাজারের বেশি।