ঢাকা অফিস।।
টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা ও ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে অনলাইন-অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। টিকিটিং পদ্ধতি আপগ্রেডের নতুন এই নিয়ম আজ বুধবার (১ মার্চ) থেকে কার্যকর হচ্ছে। ‘টিকিট যার, ভ্রমণ তার’-কার্যক্রমটি পরিদর্শনে বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাচ্ছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
গণপরিবহন ব্যবস্থায় সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন হিসেবে রেলকে বিবেচনা করা হয়। তাই দূরপাল্লার যেকোনো ভ্রমণে মানুষ রেলকেই বেছে নেয়। কিন্তু বাংলাদেশে শতভাগ যাত্রী সুবিধা দেওয়ার সক্ষমতা নেই রেলওয়ের। যে কারণে ট্রেনের টিকিট পাওয়া যাত্রীদের জন্য একরকম দুঃসাধ্য। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় টিকিট মেলে না। আর ইদ উৎসবের সময়গুলোতে রেলের টিকিট সংগ্রহ বেশ কষ্টকর হয়ে ওঠে। ফলে মানুষ বিকল্প উপায়ে কালোবাজার থেকেও টিকিট সংগ্রহ করে থাকে। এতে নিয়ম মেনে চলা যাত্রীরা ভ্রমণ থেকে বঞ্চিত হোন।
এ সব বিষয় মাথায় রেখে মোট টিকিটের অর্ধেক অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যা মানুষ ঘরে বসেই অনলাইনে সংগ্রহ করতে পারে। এবার সেই পদ্ধতিতে নতুনত্ব আনতে যাচ্ছে রেলওয়ে। ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানকে সামনে রেখে অনলাইন ও অফলাইনে উভয় ক্ষেত্রেই আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে তথ্য না মিললে বিনা টিকিটে যাতায়াত করেছে বলে ওই যাত্রীকে গণ্য করা হবে। এরপর তার গুনতে হবে জরিমানা।
নতুন নিয়মে যেভাবে টিকিট সংগ্রহ করা যাবে:
নতুন নিয়মে শুধু অনলাইন নয়, কাউন্টার থেকেও ট্রেনের টিকিট কিনতে নিবন্ধন করতে হবে। খুলতে হবে অ্যাকাউন্ট। কাউন্টার, অনলাইন ও অ্যাপের মাধ্যমে তা করা যাবে। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা যাত্রীরা সাধারণত মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে থেকে যাদের রেলের ওয়েবসাইটে নিবন্ধন করা আছে তাদের সাইন-ইন করে জন্ম নিবন্ধন সদন আপলোড করতে হবে। আর যাদের আগে থেকে নিবন্ধন নেই, একেবারেই নতুন-তাদের প্রথমে ওয়েবসাইট ভিজিট করে সাইন আপ করে জাতীয় পরিচয়পত্র আপলোডের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।











































