স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় বাড়ি থেকে বের হওয়ার পথে ইটের দেয়াল তুলে ছোট বোনের পরিবারকে অবরুদ্ধ করেছেন তার আপন ভাই। গত কয়েকদিন ধরে ওই পরিবারটি সরাসরি বাড়ি থেকে বের হতে পারছেন না। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা না হওয়ায় অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা করেছেন বোন।
মামলায় ভুক্তভোগী হোসনেয়ারা খাতুন উল্লেখ করেছেন, তার বাবা মায়ের নামীয় জমি থেকে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৪ শতাংশ জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন তার স্বামী নুরে আলম। তাদের বাড়ি থেকে বড় রাস্তায় যাতায়াতের জন্য ৮ ফুট চওড়া পথ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ওই পথের জমির মূল্য বাবদ ৫ লাখ ৩৪ হাজার টাকা নেন তার ভাই হুমায়ুন কবির সালু। এভাবে গত কয়েক বছর ওই পথ দিয়ে যাতায়াত করছেন তারা। বর্তমানে ওই এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় তার ভাই হুমায়ুন কবির যাতায়াতের পথের ওই জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন। প্রথমে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। এতে কাজ কাজ না হওয়ায় ইটের দেয়াল তুলে চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছেন। যে কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা।
স্থানীয়রা জানান, ওই জমিটি হোসনেয়ারা ও তার ভাই হুমায়ুন কবিরের পারিবারিক জমি। এর মধ্যে থেকে ৪ শতাংশ জমি কিনে হোসনেয়ারা ও তার স্বামী বসতবাড়ি নির্মাণ করেছেন। তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য ৮ ফুট চওড়া একটি রাস্তা ছিল। কয়েকদিন আগে সে রাস্তায় হুমায়ুন কবির ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়েছেন। এখন ওই পরিবারটির বাড়ি থেকে বের হওয়ার বিকল্প কোন রাস্তা নেই। পারিবারিক কলহের জের ধরে এটা করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির নিজেকে কেসিসির ফটোগ্রাফার দাবী করে বলেন, ‘আপনারা যেটা শুনেছেন আসল ঘটনা সেটা না। বিষয়টা অনেক জটিল, এ ঘটনা অনেক উপর পর্যন্ত চলে গেছে। এখন আর ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ নেই বলে ফোন রেখে দেন।’ পরে অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী হোসনেয়ারার স্বামী নুরে আলম জিকু জানান, জমির মূল্য বেড়ে যাওয়ায় স্বার্থান্ধ হয়ে এমন কাজ করেছেন তার শ্যালক হুমায়ুন কবির। অথচ তাদের দাবী মতো চলাচলের পথের দাম পরিশোধ করেছেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের।
স্থানীয় হরিণটানা থানার ওসি এমদাদুল হক জানান, বিষয়টি আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন তারা।











































