#সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: হাইকোর্টে শুনানি আজ
কুষ্টিয়া প্রতিনিধি||
দুচোখভরা স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) এসেছিলেন ফুলপরী খাতুন। ভর্তি হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। ক্লাস শুরু হওয়ার চার দিনের মাথায় গণরুমে অমানবিক নির্যাতনের শিকার হন। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নির্দেশে তার সহযোগীরা দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর বিভিন্নভাবে নির্যাতন করেন ভুক্তভোগীকে। পরে ১৪ ফেব্রুয়ারি ওই ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনা সর্বশেষ দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টে পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

যেভাবে নির্যাতন করা হয় ॥ প্রথম বর্ষে ভর্তির পরপরই দেশরত্ন শেখ হাসিনা হলে এক সিনিয়রের কক্ষে (৩০৬ নতুন ব্লক) গেস্ট হিসেবে ওঠেন ফুলপরী। ভর্তি হওয়ার পরপরই তাদের ক্লাস শুরু হয় ৮ ফেব্রুয়ারি। সেদিন বিভাগের নবীনবরণ থেকেই ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুম ইসলামের চক্ষুশূল হন ফুলপরী। কারণ একটাই। বিভাগের সিনিয়রদের না জানিয়ে হলে ওঠা। পরে ক্লাসেই সেদিন ফুলপরীকে গণরুমের কক্ষে দেখা করার নির্দেশ দেন তাবাসসুম। কিন্তু ফুলপরী অসুস্থ থাকায় সেদিন দেখা করেননি। এতে আরও ক্ষুব্ধ হন তাবাসসুসম। দেখা না করায় ফের ১১ ফেব্রুয়ারি ক্লাসে ভুক্তভোগীকে বকাঝকা করেন তাবাসসুম। পরে সেদিন রাত ৯টার দিকে দেখা করলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার কাছে নিয়ে যান তাবাসসুম। সেখানে ৯টা থেকে ১২টা পর্যন্ত তারা সহ অন্যরা ফুলপরীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ভুক্তভোগী হাতে পায়ে ধরেও নিস্তার পায়নি সেদিন। পরদিন ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বিরুদ্ধে বেয়াদবি ও অবৈধভাবে হলে থাকার অভিযোগে তাকে হল থেকে নামিয়ে দেন নেত্রী। পরে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ভুক্তভোগীর থেকে মুচলেকা নেন এবং সমাধান করে হলে রাখতে বলেন। কিন্তু রাত গড়াতেই ফের ভয়ংকর হয়ে ওঠেন অভিযুক্তরা। অভিযুক্ত অন্য তিন শিক্ষার্থী হলেন, চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মুয়াবিয়া জাহান। তারা তিনজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের। ১২ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত তাকে সজোরে চড়-থাপ্পড়, পিন ফোটানো, অশ্লীল গালিগালাজ, গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া, বিবস্ত্র করে ভিডিও ধারণ, ময়লা গ্লাস চাটানো, এসব বাইরে বললে হত্যার হুমকিসহ নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এসব নির্যাতনের সত্যতা পেয়েছে তদন্ত কমিটিগুলোও। নির্যাতনের বর্ণনা মিলেছে হলে থাকা অন্য আবাসিক শিক্ষার্থীদের থেকেও। নির্যাতনের ঘটনাস্থল ছিল গণরুম (দোয়েল-১) ও হলের ডাইনিং। ভয় পেয়ে ১৩ ফেব্রুয়ারি হল থেকে লুকিয়ে বাড়ি চলে যান ভুক্তভোগী। এদিকে ১৪ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ফুলপরী। প্রথমে ভয়ে অভিযোগ না দিলেও পরবর্তীতে বাবা আতাউর রহমান ও পরিবারের সদস্যদের অভয় পেয়ে সাহসী হয়ে ওঠেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ দেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরাও। অন্যদিকে হলের অন্য ছাত্রীদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ভুক্তভোগীর বহিষ্কার ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, হল থেকে বহিষ্কার ॥ ছাত্রী নির্যাতনের ঘটনায় সত্যতা পেয়েছে হল কর্তৃক গঠিত তদন্ত কমিটি। ইতোমধ্যে হল কর্তৃপক্ষ তাদের হলের আবাসিকতা বাতিল করে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে হলের নোটিস বোর্ডে হল ছাড়ার নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি মুখ না খুললেও একটি সূত্রে এ বিষয়ে জানা গেছে। এ ঘটনায় সঙ্গে সংশ্লিষ্ট, প্রত্যক্ষদর্শীসহ গণরুমের অন্তত ২০ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা।

তদন্তে চার কমিটি ॥ উভয়পক্ষের অভিযোগ আমলে নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি হল ও বিশ^বিদ্যালয় প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৭ কার্যদিবস সময় দেওয়া হয়। এসব কমিটির মধ্যে বিশ^বিদ্যালয় প্রশাসনের করা তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার হাইকোর্টে জমা দিয়েছেন ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন। রবিবার সকাল ১০টায় ইবির রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
ঘটনা গড়িয়েছে হাইকোর্টে ॥ ছাত্রী নির্যাতনের ঘটনায় ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী গাজী মহসিন। সেই রিটের প্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি রিটের শুনানি হয়। শুনানি গ্রহণ করেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের যৌথ বেঞ্চ। একইসঙ্গে হাইকোর্ট কুষ্টিয়া জেলা প্রশাসককে তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।
আতঙ্ক গণরুমে ॥ লিখিত অভিযোগে উল্লেখিত দুই অভিযুক্ত হল ছাড়লেও অন্য অভিযুক্তরা হলেই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকেন নেত্রীর অনুসারী ও অভিযুক্তরা। তাই তারা কেউ মুখ খোলার সাহস করেননি। এছাড়াও ঘটনার পর থেকে আতঙ্কে হল ছাড়তে শুরু করেন গণরুমের অন্য ছাত্রীরাও। এমনকি তদন্ত কমিটির সামনেও প্রথম দিকে মুখ না খুললেও আশ^াস পেয়ে তারা মুখ খোলেন। তবে অনেক প্রত্যক্ষদর্শী এখনো হলে না ফেরার কারণে কমিটি তাদের সাক্ষাৎকার নিতে পারেননি।
সাক্ষাৎকার গ্রহণ ॥ অভিযুক্তরা ক্যাম্পাস ছাড়ার পরের দিন ১৮ ফেব্রুয়ারিসহ ২০ ও ২২ ফেব্রুয়ারি বিভিন্ন তদন্ত কমিটির ডাকে বাবাসহ ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী। এছাড়া শাখা ছাত্রলীগের ডাকে ভুক্তভোগী ক্যাম্পাসে আসতে অস্বীকৃতি জানালে মুঠোফোনে সাক্ষাৎকার নেন তারা।

আলামত গায়েব ॥ ছাত্রী নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও ভিভিও ধারণ করা মোবাইল ফোন উদ্ধার করতে পারেননি কর্তৃপক্ষ। বায়োসের ব্যাটারি নষ্ট হওয়ার কারণে ভিডিও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। অন্যদিকে আইসিটি সেল একবার বলছে উদ্ধার কঠিন, আরেকবার বলছে ভালো টেকনিশিয়ান এলে ভিডিও উদ্ধার সম্ভব। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। হল কর্তৃপক্ষ আইসিটি সেলকে হার্ড ডিস্ক জব্দ করারও অনুমোদন দিয়েছে ইতোমধ্যে। অন্যদিকে উর্মির মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি সূত্র। তবে উর্মি বলছেন তার মোবাইল ফোন হারিয়ে গেছে। এটিও উদ্ধারে আইসিটি সেলে চিঠি পাঠিয়েছে হল কর্তৃপক্ষ।
হোতা ছাত্রলীগ নেত্রী অন্তরা ॥ নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী অন্তরা হোতা ছিলেন বলে জানিয়েছে অভিযুক্ত সহযোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযুক্ত এ কথা জানান। অভিযুক্তদের ভাষ্যের রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, ‘১২ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রলীগ নেত্রী অন্তরা আপু আমাদেরকে ভয় দেখিয়ে বলে প্রত্যেকে এক ঘণ্টা করে ফুলপরীকে রুমে ডেকে র্যাগ দিবি। যা ইচ্ছা তাই করবি। যত কিছু হবে সব আমি দেখব। দরকার হলে ফুলপরীকে মেরে ফেলবি, আমি লাশ গুম করে দেব। এরপরে কিছু হলে আমি একাই দেখব, তোদের কিছু ভাবতে হবে না।’ অভিযুক্তরা আরও জানান, ‘ঘটনার পর অন্তরা আপু আমাদের বলেন বাইরের কাউকে কিছু জানাবি না। পরে উনি জোরপূর্বক আমাদের মোবাইল থেকে কল ও মেসেজ সব ডিলিট করে দেন।’ এদিকে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকারে যাওয়ার সময় এক অভিযুক্তকে অন্তরা বলেন, ‘আগে আমি বাঁচি, পরে তোদের বাঁচাব।’











































