স্টাফ রিপোর্টার।।
খুলনায় কোটি কোটি টাকা রাজস্ব আয়ের খাত ২১টি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি তিন সংস্থার মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। বর্তমানে জেলা পরিষদের দখলে থাকা ৭টি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র দখলে থাকা ১৩টি ঘাট আগামী পহেলা বৈশাখ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আর ঘাটগুলোর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় ওই দুটি সংস্থা। অন্যদিকে কেসিসির নিয়ন্ত্রণে থাকা একটি ঘাটের ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করেছে জেলা পরিষদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা পরিষদ গেল ১২ ফেব্রুয়ারি ১৬টি খেয়াঘাট ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করে। কিন্তু ওই ১৬টি ঘাটের মধ্যে রূপসা খেয়াঘাট দীর্ঘদিন ধরে খুলনা সিটি করপোরেশন পরিচালনা করে আসছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের দিন ধার্য রয়েছে। কেসিসির নিয়ন্ত্রণাধীন রূপসা খেয়াঘাট ইজারা দেয়ার জন্য জেলা পরিষদ দরপত্র আহ্বান করায় ক্ষোভে ফুঁসছে কেসিসি। ইতোমধ্যে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক পত্রিকায় বিবৃতি দিয়ে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম গেল ১৯ ফেব্রুয়ারি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে সিটি করপোরেশন এলাকার মধ্যে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন যেসব ঘাট রয়েছে সেগুলোর ইজারা বা বন্দোবস্ত কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঘাট এবং ঘাটের রাস্তাগুলো কেসিসি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে থাকে। সে কারণে ঘাটগুলো কেসিসি কর্তৃক পরিচালিত হওয়া যুক্তিযুক্ত। ঘাটগুলো হচ্ছে- দৌলতপুর পুরাতন স্টিমার ঘাট, দৌলতপুর মহেশ^রপাশা ঘাট, দৌলতপুর বার্মাসেল ঘাট, দৌলতপুর বাজার ঘাট, ১নং কাস্টমস ঘাট খেয়াঘাট, জেলখানা সংলগ্ন বটতলা ঘাট এবং কালিবাড়ি খেয়াঘাট।
একই দিন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন উপ-পরিচালককে একই ধরণের চিঠি দিয়ে তাদের নিয়ন্ত্রণে থাকা ঘাটগুলো আগামী পহেলা বৈশাখ থেকে আর ইজারা প্রদান না করার অনুরোধ জানিয়েছে।
ঘাটগুলো হচ্ছে- মহেশ^রপাশা খাদ্য গুদাম জেটিঘাট, দৌলতপুর টাবুরিয়া ঘাট, রূপসা চাঁনমারী কার্গো ও লেবার ঘাট, ইস্পাহানী কলোনি ঘাট, রূপসা নতুন বাজার ঘাট, রূপসা নতুন বাজার লঞ্চঘাট, সদর হাসপাতাল ঘাট, ভৈরব স্ট্যান্ড রোড কার্গো ও লেবার হ্যান্ডলিং ঘাট, মাড়োয়ারি গেট খেয়াঘাট, বার্মাশীল খেয়াঘাট, বড় বাজার ডাবঘাট, চরেরহাট খেয়াঘাট এবং ৬নং স্কিডঘাট।
এ ব্যাপারে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা ৭টি ও বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণে থাকা ১৩টি ঘাট আগামী পহেলা বৈশাখ থেকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেয়া হবে। সিটি করপোরেশন ঘাট ও সংলগ্ন রাস্তা সংস্কার করবে, টাকা ব্যয় করবে আর ওই দুটি সংস্থা শুধু ইজারা দিয়ে আয় করবে-তা হবে না।
তিনি বলেন, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে কেসিসি রূপসা ঘাট সংস্কার করেছে। দীর্ঘদিন ধরে তারা ঘাটটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে আসছে। ফলে এই ঘাট ইজারা দেয়ার জন্য জেলা পরিষদের দরপত্র আহ্বান অবৈধ।
এ ব্যাপারে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নিয়ম বহির্ভূতভাবে কোনো সংস্থা তাদের পরিচালনায় থাকা ঘাট নিতে চাইলে সে সুযোগ নেই। তাদের ঘাট তারা সিটি করপোরেশনকে কেন ছাড়বেন?
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনত রূপসা ঘাটের মালিকানা জেলা পরিষদের। উচ্চ আদালতে মামলার কারণে ঘাটটি কেসিসি পরিচালনা করতো। আদালত থেকে তারা রায় পেয়ে ঘাট ইজারার দরপত্র আহ্বান করেছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, তিনি এবং সিটি মেয়র একই দলের লোক। তবে ঘাটগুলো কারও ব্যক্তিগত কোনো বিষয় নেই। সবকিছু বিধি মোতাবেকই হবে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, সরকারি নির্দেশনার আলোকেই তারা ঘাটগুলো পরিচালনা করেন। ফলে কোনো সংস্থা ঘাট ইজারা বন্ধ রাখতে বললে তা করার সুযোগ নেই। বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় যে নির্দেশনা দেয় তারা সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।











































