Home আঞ্চলিক খুলনার ছয় উপজেলায় আ’লীগের সম্মেলন স্থগিত

খুলনার ছয় উপজেলায় আ’লীগের সম্মেলন স্থগিত

13

স্টাফ রিপোর্টার।।
খুলনার দুটি উপজেলায় সম্মেলন করার পর বাকি ছয়টিতে সম্মেলন স্থগিত করেছে আওয়ামী লীগ। উপজেলার আগে ৬১২টি ওয়ার্ড এবং ৬৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করা হবে। এ লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। দলের এ উদ্যোগে তৃণমূল পর্যায়ে সরব হয়ে উঠেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় আটটি উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি দাকোপ এবং ২২ ফেব্রুয়ারি বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর পর খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নির্দেশে অন্য ছয়টি উপজেলায় সম্মেলন স্থগিত করা হয়েছে। তিনি আগে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তাঁরা ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছেন। গত শনিবার ফুলতলা উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়।

তিনি জানান, জেলার ৯টি উপজেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৬১২টি ওয়ার্ড ও ৬৮টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন করা হবে। এর পর কয়রা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই ছয়টি উপজেলায় সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন এবং ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।