Home আঞ্চলিক অফিসের গাছে বাসার আসবাব বানানোর অভিযোগ সাতক্ষীরার কৃষি বিভাগের উপপরিচালকের বিরুদ্ধে

অফিসের গাছে বাসার আসবাব বানানোর অভিযোগ সাতক্ষীরার কৃষি বিভাগের উপপরিচালকের বিরুদ্ধে

13

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে আসবাব বানিয়ে তা ঢাকার বাসায় পাঠানোর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ওইসব আসবাব তিনি তাঁর গাড়ির চালক ও মেকানিকের মাধ্যমে নিজ নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, গত বছর ৩০ আগস্ট খামারবাড়ির উপপরিচালক হিসেবে যোগ দেন ড. জামালউদ্দিন। নির্ধারিত গেস্ট হাউজে না উঠে তিনি অফিসের একটি ভবনে বসবাস শুরু করেন। তাঁরা আরও জানান, এক মাস আগে থেকে তিনি খামারবাড়ির আম, জাম, নিম ও মেহগনি গাছের ডাল কেটে গোপনে বিক্রি করেছেন। দুটি নারিকেল গাছ থেকে নারিকেল ও ডাব পেড়ে মাইক্রোবাসের পেছনে করে ঢাকার শ্যামলী বাসায় নিয়ে গেছেন। এক মাস আগে অধিদপ্তরের সম্মেলন কক্ষের পেছন দিক থেকে তিনি দুটি বড় আকৃতির জাম গাছ ও দুটি মেহগনি গাছ কাটেন। চারটি গাছের দাম প্রায় ৪ লাখ টাকা। পরে মেকানিক সুরত আলী ও গাড়িচালক আমিনুল ইসলামকে দিয়ে মিস্ত্রী এনে খাট, সোফাসেট, টি টেবিলসহ বিভিন্ন আসবাব তৈরি করেন। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তিনি ওইসব ফার্নিচার সুরত আলীর মাধ্যমে ভ্যানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাঁর বাসার ঠিকানা ‘সাইফুল ইসলাম, আগারগাঁও বিএনপি বাজার, শ্যামলী, ঢাকা’তে পাঠান। বুকিং স্লিপে প্রেরক হিসেবে ড. জামালউদ্দিনের নাম লেখা হয়েছে। বুকিং খরচ নেওয়া হয়েছে ২০ হাজার ৭০ টাকা।

অধিদপ্তরের অফিসের সামনের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাহার আলীসহ কয়েকজন জানান, টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার ব্যাপারে জামালউদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এর কৈফিয়ত তাঁদের কাছে দেবেন না। প্রশ্ন করার অধিকার তাঁদের কে দিয়েছে। এটা তাঁদের এখতিয়ারে পড়ে না।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শাখা সূত্রে জানা গেছে, কৃষিবিদ জামালউদ্দিন একটি খাট, একটি সোফাসেট, একটি সাইড বক্স ও একটি টি টেবিল শ্যামলীর ঠিকানায় বুকিং করেছেন।
কৃষি বিভাগের একটি সূত্র জানায়, এখনও জামালউদ্দিনের বাসায় একটি বক্স খাট, তিনটি সোফাসেট ও কয়েকটি টেবিল রয়েছে। এগুলো তিনি পর্যায়ক্রমে ঢাকায় পাঠাবেন।
ড. জামালউদ্দিনের গাড়ির চালক আমিনুল ইসলাম বলেন, তিনি স্যারের নির্দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওসব আসবাব বুকিং দিয়েছেন।
একইভাবে খামারবাড়ির মেকানিক সুরত আলী বলেন, উপপরিচালক স্যারের নির্দেশে তিনি খামারবাড়ি থেকে ভ্যানে করে আসবাবগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিয়েছেন। তবে আসবাব তৈরির জন্য পাটকেলঘাটার যেসব মিস্ত্রী কাজ করেছিল, তাদের নাম তিনি জানেন না।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিন বলেন, তিনি কয়েকটি গাছ কেটে অফিসের জন্য আসবাব তৈরি করেছেন। পাশাপাশি অফিসের কর্মচারীদের মাধ্যমে স্থানীয় স’ মিল থেকে কাঠ কিনে বাসার জন্য আসবাব বানিয়েছেন। তবে কোন কর্মচারী কোন ‘স’ মিল থেকে কাঠের লগ কিনে এনেছেন, এমন প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। একপর্যায়ে তিনি বলেন, ‘অফিস ও গেস্ট হাউজে বসার জন্য কিছু আসবাব তৈরি করেছি। তার বিল এখনও ঊর্ধ্বতনদের কাছ থেকে পাইনি।’ বিধি অনুসরণ না করে অফিসের গাছ কাটা ও আসবাব তৈরি করে ঢাকাতে আপনি পাঠাতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি সব স্বীকার করে বলেন, তাঁর ভুল হয়ে গেছে।