কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে খেঁজুর গাছের রস চুরি ঠেকাতে গাছিরা ভারে (হাঁড়ি) শিকল ও তালা ব্যবহার করছেন। সম্প্রতি কেশবপুরে খেঁজুরের রস চুরি বৃদ্ধি পাওয়ায় গাছিরা এ ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ভারের গলা থেকে তালা খুলে রস পাড়তে দেখা যায় আবু কালাম নামের এক গাছিকে। গাছ থেকে চোরেরা ভারসহ রস চুরি করায় এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন তিনি। গাছি আবু কালাম বলেন, পর পর তার গাছ থেকে চারটি ভারসহ চোরেরা রস চুরি করে নিয়ে গেছে। বাধ্য হয়ে সোমবার বিকেলে গাছ কেটে ভার বাঁধার সময় গাছের সঙ্গে ভাড়ের গলায় শিকল পেঁচিয়ে তালা লাগানো হয়। তিনি রস চুরি ঠেকাতে অন্য খেজুর গাছেও একই ব্যবস্থা গ্রহণ করেছেন। একই গ্রামের গাছি শওকত বলেন, বর্তমান এক ভার রস ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যে কারণে রাতের আঁধারে চোররা গাছ থেকে রস চুরি করে নিয়ে যাচ্ছে। এ কারণে গাছিরা বাধ্য হয়েই ভারের গলার সাথে শিকল ও তালা লাগিয়ে রাখছেন। তিনি আরো বলেন, আগে কখনো রস চুরি ঠেকাতে গাছিদের শিকল ও তালা ব্যবহার করতে হয়নি।











































