স্টাফ রিপোর্টার।।
খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এমনকি ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।











































