Home জাতীয় বিএনপির চূড়ান্ত আন্দোলন মার্চে?

বিএনপির চূড়ান্ত আন্দোলন মার্চে?

13

বিশেষ প্রতিনিধি।।

সরকারবিরোধী চলমান আন্দোলন আগামী মার্চেই ‘চূড়ান্ত রূপ’ দিতে চায় বিএনপি। এজন্য রোজা আসার আগেই রাজধানীতে বড় কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে ‘লংমার্চ’ অথবা ‘মহাসমাবেশের কর্মসূচি আসতে পারে। গত সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনা হয়।

বিএনপির কয়েকজন নীতিনির্ধারক নেতা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের কার্যত আর মাত্র ৯ মাস বাকি। কয়েক মাসের মধ্যেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাঁরা। বিশেষ করে সামনে পবিত্র রমজান, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং বর্ষা মৌসুম বিবেচনায় রেখে মার্চের প্রথমার্ধেই সরকারের ওপর কঠিন চাপ তৈরি করে ভোটাধিকারের দাবি পুনঃপ্রতিষ্ঠা করতে চান। এ আন্দোলন সফল না হলে ঈদুল ফিতরের পর জুনে পবিত্র ঈদুল আজহার আগের দুই মাসে আবার ‘দ্বিতীয় দফায়’ বড় ধরনের কঠোর কর্মসূচি দেবে বিএনপি। সেটিতেও সফল না হলে নির্বাচনের তপশিল ঘোষণার আগের মাস সেপ্টেম্বরেই দাবি আদায়ে সর্বশক্তি প্রয়োগ করে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হবেন দলটির নেতাকর্মীরা।

সূত্র আরও জানায়, সরকারের সেসব কৌশল ও পদক্ষেপকে ব্যর্থ করতেও পাল্টা কৌশল গ্রহণ করার পরিকল্পনা করছে বিএনপি। সরকার এক সপ্তাহ আগে থেকেই হয়তো ঢাকার সঙ্গে সারাদেশের যানবাহন বন্ধ করে দেবে। সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে- তা বিবেচনায় রেখেই এবার আন্দোলনের রোডম্যাপ তৈরি করবে রাজপথের বিরোধী দলটি। তবে বেশি আগে সব কৌশল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করে ভেতরে ভেতরে প্রস্তুতি সম্পন্ন করবে তারা। সরকারকে অপ্রস্তুত রেখে খুব অল্প সময়ের ব্যবধানে বড় ধরনের কর্মসূচি ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সারাদেশের মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলনকে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। তবে চূড়ান্ত আন্দোলনের রোডম্যাপ সম্পর্কে কিছু বলতে রাজি নন তিনি।

বিএনপির সহসভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সবকিছু বিবেচনা করেই ১০ দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামবেন তাঁরা। আর পিছু হটার কোনো অবকাশ নেই। ডু অর ডাই।