ঢাকা অফিস।।
১০ দফা দাবী আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচি ‘মহানগর পদযাত্রায়’ ঢাকার সাতটি পয়েন্টে অবস্থান নেবে বিরোধী দলগুলো। এদিকে ‘পদযাত্রা’র নামে বিএনপি-জামাত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়ার প্রতিবাদে রাজধানীর দুটি পয়েন্টে থাকবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দুটি দলের কর্মসূচি কাছাকাছি সময়েই ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। যে কোনো সময়ে সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের।
বিএনপি জানিয়েছে, স্বাভাবিক কর্মসূচি একদফার আন্দোলনের দিকে তারা অগ্রসর হচ্ছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতেই থাকতে চায় বিরোধীদলগুলো। কিন্তু বিএনপিসহ অন্যান্যদলগুলো সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার পরই আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনগুলো কর্মসূচি দিয়ে অশান্তি সৃষ্টির করছে।
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুধু মাত্র ঢাকা মহানগরের কর্মসূচি কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। অন্য মহানগরগুলোতে পরের দিন ১৮ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করবে বিরোধীদলগুলো। বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ সংলগ্ন থেকে পদযাত্রা শুরু করবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
একই সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে পদযাত্রা শুরু করবে। এখানে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে কাওরানবাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে থেকে বিকেল ৩ টা পদযাত্রা শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। উপস্থিত থাকবেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
বিকেল ৪ টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে পদযাত্রার করার কথা রয়েছে গণফোরামের একাংশের। সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স সামনে থেকে পদযাত্রা করার কথা রয়েছে।
সরকার বিরোধী দলগুলোর কর্মসূচির প্রতিবাদে সবসময়ে পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে থাকছে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনগুলো। শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করবে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আর রাজধানীর ফার্মগেইট যুবলীগ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। বিক্ষোভ সমাবেশ দুটিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পদযাত্রা’র নামে বিএনপি-জামাত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলা, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসহ গাড়িতে অগ্নিসংযোগ ঘটানোর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে।











































