Home আঞ্চলিক মণিরামপুরে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা করোনা পজেটিভ

মণিরামপুরে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা করোনা পজেটিভ

11

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে সোনালী ব্যাংকের এক সাবেক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এমন তথ্য আসে। রাতেই হাসপাতালের ইউএইচও ডা. শুভ্রারানী দেবনাথ ব্যাংক কর্মকর্তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যাংক কর্মকর্তা পৌরশহরের দূর্গাপুর মাস্টার পাড়ার বাসিন্দা। গত এক দেড়মাস তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসক মেয়ের বাসায় ছিলেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আক্রান্ত ব্যক্তি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন মোবাইলে আমাকে তার আক্রান্তের খবরটি জানিয়েছেন। আমি সাথে সাথে ব্যবস্থা নিতে ইউএনও’কে বিষয়টি জানিয়ে দিয়েছি।

ডা. শুভ্রা বলেন, আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। গত শনি-রোববার তার গায়ে জ¦র ছিল। আজ তিনি ঢাকা থেকে ফিরে সরাসরি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গিয়ে নমুনা দেন। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

‘তিনি এখন মণিরামপুরের বাসায় আইসোলেশনে আছেন। আমার সাথে তার কথা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এছাড়া তার মেয়ে ডাক্তার। তিনিও বাবাকে পরামর্শ দিচ্ছেন,’ যোগ করেন ডা. শুভ্রা।

এদিকে সাবেক ব্যাংকারের করোনা আক্রান্তের খবরে তার বাড়ির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্তের খবর শোনার পর তার বাড়ি লকডাউন করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা তাদের খোঁজখবর রাখছে।

এই নিয়ে মণিরামপুরে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন হাসপাতালের স্টাফ। আক্রান্তদের মধ্যে প্রথম ব্যক্তি স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম দুইদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি চারজনের মধ্যে দুইজন হাসপাতালের আইসোলেশনে এবং দুইজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালের আক্রান্ত এক ওয়ার্ডবয় বৃহস্পতিবার যশোর বক্ষবিধি হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।