স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মহানগর যুবলীগের দ্বিতীয় অধিবেশনে সফিকুর রহমান পলাশ সভাপতি ও শেখ শাহাজালাল হোসেন সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভা সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা নবীরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ খুলনা মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর।
সভার সভাপতি তার বক্তব্যের শুরুতে খুলনা মহানগর যুবলীগ এর আহবায়ক কমিটি বিলুপ্ত করেন। তারপর তিনি নগর যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। এ কারণে সংগঠনকে গতিশীল করতে হবে।
সভায় সভাপতি পদে সফিকুর রহমান পলাশের নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর অ্যাডডভোকেট আল আমীন উকিল, সমর্থন দেন শেখ মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজনের নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর কাজী কামাল হোসেন, সমর্থন করেন রোজী ইসলাম নদী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো নাম প্রস্তাব না হওয়ায় সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজন নির্বাচিত হন।











































