Home জাতীয় শিল্পকারখানার ওপর কালবৈশাখী ঝড়

শিল্পকারখানার ওপর কালবৈশাখী ঝড়

11

ঢাকা অফিস।।

এতবেশি দাম বাড়ানোকে শিল্পকারখানার ওপর কালবৈশাখী ঝড় হিসেবে দেখছেন বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম। আর বিটিএমএর সহ-সভাপতি ফজলুল হক বলেন, এর ফলে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুতের পর শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেছেন, গ্যাসের দাম একলাফে একশ ৭৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।

সর্বশেষ গেল বছরের ৫ জুন গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন। মাত্র সাত মাসের ব্যবধানে বুধবার (১৮ জানুয়ারি) আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা এলো। তবে এবার, আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে। এতে ভর্তুকি সমন্বয়ের কথা উল্লেখ থাকলেও দাম বাড়ানো হয়েছে প্রায় ১৮০ শতাংশ পর্যন্ত।

এ ঘোষণায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম একলাফে তিনগুন বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা কমবে বলেও শংকা তাদের।

বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশনের সহ-সভাপতি বলেন, এ দাম কার্যকর হলে দেশিয় এবং রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, বন্ধও হয়ে যেতে পারে অনেক শিল্প প্রতিষ্ঠান।

দেশের শিল্প কারখানা বাঁচাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি ব্যবসায়ীদের।