ঢাকা অফিস।।
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, অর্থ সংস্থান না থাকায় বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি আসনের উপ-নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না।
বৃহস্পতিবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি।
রাশেদা সুলতানা জানান, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা হলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে ঐ পর্যায়ে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা একটা ভালো পরিবেশে ভোট করতে চাই, এটাই নির্বাচন কমিশনের শেষ কথা।
তিনি আরো জানান, নির্বাচনে দায়িত্বশীল কর্মকর্তাদের সর্তকতার সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ইসি তাদের নিজ দায়িত্ব পালন করবে।
বিএনপির নির্বাচনে আসা নিয়ে তিনি বলেন, আমরা নতুন কমিশন আসার পর থেকেই তাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছে আসছি। বলেছি প্রতিনিধিত্বমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সুন্দর একটি নির্বাচন হউক। বিএনপি আসলে আমরা খুশি হব।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-২ ও সদর-৩ আসনের রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিজিবি’র প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।











































