Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

43
জলে ভাসা পদ্মপাতায় খাবারের খোঁজে বক পাখি-খুলনাঞ্চল

বিএনপি নেতার পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি।।
মহানগরীর বিএনপির অর্ন্তগত ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমান মিজুর পিতা আব্দুর রহমান মুন্সী (৮৫) মঙ্গলবার রাত আনুমনিক ৯টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কাশিপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বিএনপি নেতার পিতাবিয়োগে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

কারামুক্ত হলেন বিএনপির অঙ্গ দলের পাঁচ নেতাকর্মী
খবর বিজ্ঞপ্তি।।
লবনচরা থানা পুলিশের দায়েরকৃত কথিত নাশকতা মামলা বিএনপির অঙ্গ সংগঠনের ০৫ নেতাকর্মী জামিনে বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেছে। দলীয় শীর্ষ নেতারা কারাফটকে কারামুক্ত নেতাদের ফুল দিয়ে বরন করে নেয়।
কারামুক্তরা হলেন, ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এজাজ মোল্লা, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ৩১নং ওয়ার্ড যুবদল নেতা হেলাল শেখ, মাহমুদুল হাসান সবুজ ও ডুমুরিয়া উপজেলা ছাত্রদল নেতা সৈকত মোল্লা।

বাগেরহাটে তরুন রাজনীতিবিদদের সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বে-সরকারী সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পৃষ্ঠপোষকতায় ২ টি রাজনৈতিক দলের তরুন রাজনীতিবিদরা যৌথ উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রথম অংশ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও বাগেরহাট জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক আলভিনা মেহজাবিন। লিখিত বক্তব্যের শেষ অংশ উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টান্যাশনালের রাজনৈতিক ফেলো ও বাগেরহাট সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। সংবাদ সম্মেলনে কাড়াপাড়া ইউনিয়নের পল্লীমঙ্গল সমিতির খেলার মাঠের পাশের রাস্তা সংস্কার ও একটি ড্রেন নির্মানের দাবী জানানো হয়। এ দাবী বাস্তবায়নের জন্য ইতিমধ্যে গন সাক্ষর সংগ্রহ করে কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যানের কাছে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,বাগেরহাট জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লুনা সিদ্দিকী, কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ ২টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন আগামী অর্থ বছরে রাস্তাটি সংস্কার ও ড্রেন নির্মান করা হবে বলে আশ^াস দেন।

দেশের সর্ববৃহৎ গুড়ের হাট
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাটে আসতেই চোখে পড়ে সারি সারি সাইকেল, আলমসাধু, নছিমন-করিমন ও কলসিভর্তি গুড়। একজনকে জিজ্ঞাসা করতেই বলেন, আজ সরোজগঞ্জ গুড়ের হাট। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোর থেকে শুরু হওয়া হাটে সকাল ১০টার দিকে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে গাছিরা গুড়ভর্তি মাটির কলস (ভাঁড়) নিয়ে এসেছেন। নলেন গুড়ের গন্ধে চারদিকে ম-ম করছে।
ক্রেতা (মূলত গুড় ব্যাপারী) হাতে থাকা লোহার শিক দিয়ে গুড় ও পাটালি ভেঙে মুখে পুরে পরীক্ষা করছেন। দরদাম ঠিক হলেই গুড়ের কলসগুলো মাঠের একপাশে নিয়ে ওজন করে সাজানো হচ্ছে। ওজন করার পর প্রতিটি কলসের গায়ে সাংকেতিক চিহ্ন দেওয়া হচ্ছে। এখানকার খেজুর গুড়ের সুনাম সারাদেশে। এমনকি বিদেশেও রফতানি হয়। চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও নলেন পাটালির সুখ্যাতি আছে। স্বাদে-গন্ধেও অতুলনীয়। খেজুর গুড় ও নলেন পাটালি বেচাকেনাকে কেন্দ্র করে এখন জমজমাট ঐতিহ্যবাহী সরোজগঞ্জ সাপ্তাহিক শুক্রবার ও সোমবারের হাট। হাটের দিন এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ব্যাপারীসহ হাজারো ক্রেতা-বিক্রেতা। ফলে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ চুয়াডাঙ্গার সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। বিগত বছরগুলোর মতো গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। বেচাকেনার জন্য এ হাটের ঐতিহ্য কয়েকশ’ বছরের।
জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে এ হাট। সপ্তাহে শুক্রবার ও সোমবার এ হাটে ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। গত মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় দুই কোটি টাকার গুড় বেচাকেনা হলেও চলতি মৌসুমে বছর গুড়ের দাম বেশি হওয়ায় সপ্তাহে প্রায় আড়াই কোটি টাকার গুড় ও পাটালি বেচাকেনা হচ্ছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে খেজুরের গুড় বেচাকেনা হয় এ হাটে। মৌসুমের প্রায় পুরোটা সময় হাজারো ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে হাট। চুয়াডাঙ্গা সদরের বেলগাছি গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে আলাউদ্দীন বিশ্বাস জানান, এবার তিনি ২০০ গাছ কেটে রস সংগ্রহ করেছেন। এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য মাসিক বেতনে একই গ্রামের সাইফুল গাছিকে কাজে রেখেছেন। এ মৌসুমে তিনি প্রায় সাড়ে চার লাখ টাকার পাটালি ও গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। সব খরচ বাদ দিয়ে তার দেড় থেকে দুই লাখ টাকা আয় হবে।

সরোজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি এম আবদুল্লাহ শেখ জানান, এ হাট থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় গুড়। চলতি মৌসুমে প্রতি হাটের দিন গড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার কলসি (বড় ভাঁড়) খেজুর গুড় বিক্রি হচ্ছে। এর মূল্য প্রায় এক কোটি টাকা।
তিনি দাবি করেন, সরোজগঞ্জ হাটে বিক্রি হওয়া বেশিরভাগ গুড়ই এলাকার কৃষকেরা বাড়িতে যত্নের সঙ্গে তৈরি করেন। এতে চিনি বা রাসায়নিক কিছু নেই। কিছুটা খয়েরি রঙের হলেও এসব গুড় পুরোটাই খাঁটি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত মৌসুমের তুলনায় চলিত মৌসুমে জেলার চার উপজেলায় ১৬ হাজার নতুন খেজুর গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করছেন। এবারের মৌসুমে জেলায় দুই লাখ ৬৬ হাজারের মতো খেজুরগাছ থেকে গাছিরা রস আহরণ (সংগ্রহ) করছেন। এর প্রায় অর্ধেকই সদর উপজেলায়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে গুড়ের মৌসুম। এ মৌসুমে গড়ে আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদিত হবে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুভাস চন্দ্র জানান, মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে ১০ কেজি গুড় পাওয়া যায়। সে হিসাবে চলতি মৌসুমে গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন গুড় উৎপাদিত হবে।

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ, করান গর্ভপাতও
স্টাফ রিপোর্টার
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন প্রেমিক সাজিদ আহম্মেদ হৃদয় (৩৫)। গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। এরই মধ্যেই প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাধ সাধে প্রেমিক।
বিয়ের জন্য চাপ দিলে শুরু করেন টালবাহানাও। পরবর্তীতে কৌশলে প্রেমিকার গর্ভের বাচ্চা নষ্ট করে দেন সাজিদ। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রেমিকা। পরে বাদী হয়ে থানায় মামলা করলে র্যাবের জালে ধরা পড়েন সাজিদ।

বুধবার সন্ধ্যায় র্যাব-৬ এর এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রূপসার দেয়াড়া গ্রামের বাসিন্দা সাজিদ আহম্মেদ হৃদয়। পূর্ব পরিচয় ছিল ভিকটিমের সঙ্গে। বিয়ের প্রলোভন দেখানো হয় ওই ভিকটিমকে। পরবর্তীতে গত এক বছর ধরে বিয়ের কথা বলে সাজিদ তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। আসামি সাজিদ গোপনে কৌশল অবলম্বন করে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু স্থির চিত্র ও ভিডিও ধারণ করেন। পরে এসব ভিডিও ও স্থিরচিত্র দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। দৈহিক মেলামেশার ফলে ওই ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন তিনি। এরপর টালবাহানা শুরু করেন সাজিদ। কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে গর্ভের ৭ মাসের বাচ্চাকে নষ্ট করে দেন সাজিদ।

তরুণী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তিনি বাদী হয়ে সাজিদকে আসামি করে রূপসা থানায় মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারে র্যাব অভিযান অব্যাহত রাখে।

গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে- আসামি গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানা এলাকায় অবস্থান করছেন। ঢাকা র্যাবের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন তিনি। পরে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।

শিক্ষার ভূমিকা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার প্ল্যান বিষয়ক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
নগরীতে শিক্ষার ভূমিকা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার প্ল্যান বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার এম এম জে এডু কেয়ারের আয়োজনে বুধবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় হোটেল ক্যাসেল সালামে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনোজিত কুমার ওঝা এফসিএ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক বিমল সাহা এবং ডাঃ সৌরভ বিশ্বাস।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে অতিথিবৃন্দ শিক্ষার ভূমিকা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন। সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল আকর্ষনীয় র্যাফেল ড্র ও স্ন্যাক্সের আয়োজন।
উল্লেখ্য, এম এম জে এডু কেয়ার বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে আসছে এবং ঢাকার নয়াপল্টনে তাদের প্রধান কার্যালয় অবস্থিত।

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কলারোয়া প্রতিনিধি:
কলরোয়ার ২টি রেষ্টুরেন্ট ও একটি রড সিমেন্টের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস।
বুধবার বেলা ১২টার পরে কলারোয়া উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার প্রোপাইটার মিন্টু রহমানকে ৩০ হাজার টাকা, একই স্থানে রনি মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও হাসপাতাল রোডের মেসার্স সোহেল ট্রেডার্স (রড সিমেন্টের দোকানে) স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন খুলনা বিএস টি আই পরিদর্শক রনজিত কুমার মল্লিক, বেঞ্চ অফিসার বেনজির হোসেন ও কলারোয়া থানা পুলিশের অফিসারবৃন্দ।
ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা মতে অভিযান পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস বলেন -কলারোয়া উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী ৩৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রথম দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আরো যারা বয়ান করবেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইয়াহহিয়া, মুফতি গোলামুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, মাওঃ নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতি রেজাউল করিম আবরার, ডঃ আ ফ ম খালিদ হোসেন, বাদ এশা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।

দ্বিতীয় দিন শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, এছাড়াও বয়ান করবেন আলহাজ্ব মাওলানা রশিদ আহমদ, মুফতি আব্দুর রহমান মিয়াজী, খন্দকার গোলাম মাওলা, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা আলী আজাদ সাকাফি, হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালীউল্লাহ, পীর সাহেব বরগুনা, বাদ এশা বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তৃতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও বয়ান করবেন মাওলানা জাহিদুর রহমান, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি ওমায়ের হোসাইনি, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা ওবায়দুর রহমান খান নদভী, মাওঃ আব্দুল আউয়াল, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

রবিবার (২২ জানুয়ারি) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম।
এছাড়াও আগামী ২০শে জানুয়ারী শুক্রবার সকাল দশটায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার ছাত্র গণজমায়েত এবং বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত নগর ও জেলা সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হবে।
উভয় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই।

তিনদিনব্যাপী মাহফিল খুলনাবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা বিভাগীয় ছদর হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।

গিলাতলায় বরই পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোলাম নগর এলাকার বাসিন্দা, ডাক্তার মোঃ রশিদ এর ভাড়াটিয়া ও শাহীন মোড়ল এর স্ত্রী বেবি বেগম ( ৪৫) বাড়ির ছাদে উঠে বরই পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানিয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ১৮ জানুয়ারী বুধবার দুপুর আড়াই টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানান নিহত বেবি বেগমের গ্রামের বাড়ি যোগিপোল বাদামতলা। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বেবি বেগম এর ২ টি সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তিতে দু’দিনের বর্ণাঢ্য আয়োজন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে পুনর্মিলনী উদযাপন কমিটি। ২০ ও ২১ জানুয়ারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হবে।
অনুষ্ঠানমালার মধ্যে, প্রথম দিন শুক্রবার সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিকেল ৩টায় শহরের বর্নাঢ্য সাইকেল র্যালি, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ে উপস্থিতি, ১০টায় এ্যাসেম্বেলি, সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গমন ও মূল অনুষ্ঠান উদ্বোধন। মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে অতিথিদের বক্তব্য, ক্রেস্ট বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, খাবার বিতরণ, বিকেল চারটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্মৃতি চারণ। ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১১টায় র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণী।

অনুষ্ঠানের প্রথম দিনের মূল পর্বে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বিশিষ্ট লোকগানের সংগীত শিল্পি মমতাজ বেগম এমপি ও জনপ্রিয় ব্যান্ড দল মিজান এ্যান্ড ব্রাদার্স।

প্রাক্তন ছাত্র পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব ডা. মোশারফ হোসেন বলেন, পুনর্মিলনী উদযাপনের জন্য আমরা প্রায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে ১২‘শ প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। আশাকরি এবারের পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করতে পারব।

বাগেরহাটে কোডেকের উদ্যোগে কম্বল বিতারণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপ সেন্টার (কোডেক) উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারী) সকালে বাগেরহাট শহরে কম্বল বিতারণ করা হয়েছে।দরিদ্র, বৃদ্ধ ও বিধবা অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম।

কোডেকের বাগেরহাট সদর শাখার ব্যবস্থাপক ইসরাত জাহান মর্জিনার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার। এ ছাড়াও কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, সিইপি প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন ও সদরের উপ-শাখা ব্যবস্থাপক আল-ইমরান প্রমুখ।

ঋণদান কর্মসূচি পরিচালনার পাশাপাশি কোডেক প্রতি বছরের ন্যায় এবারো অসহায়দের মাঝে বিনামূল্যে কম্বল বিতারণ করে বলে জানান কোডেক কর্তৃপক্ষ।

রামপালে এশিয়ান টিভির ১০ম বর্ষে পদার্পণে আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে এশিয়ান টিভির দশম বর্ষে পদার্পণ উপলক্ষে রেলী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় রামপাল সরকারি কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ রেবেকা সুলতানার সভাপতিত্বে রেলী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা। প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, মৎস্য সম্পদ কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, প্রভাষক শেখ শাহনেওয়াজ, এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, খৈয়াম হোসেন খিজির, সাংবাদিক লায়লা সুলতানা, রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন এশিয়ান টিভির দশম বর্ষে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ও দর্শকদের চাহিদা পূরণে এশিয়া টিভি সাফল্যের শীর্ষে থাকায় আমরা গর্বিত। এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য অর্জনে আরও এগিয়ে যাক এটা আমাদের কাম্য। আমরা এশিয়ান টিভির প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সরকারি আদেশ অমান্য করায় দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
সরকারি আদেশ অমান্য করায় বাগেরহাটের চিতলমারীতে ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছের নেতৃত্বে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেই সাথে তাদের সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টে পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারীর মেসার্স শেখ ট্রেডার্সকে ৫ হাজার ও মেসার্স এন এস ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফকিরহাটে বিদায়ী ও জয়িতা সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সদ্য অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা সরদার নওয়াবজান ও সদ্য অন্য কর্মস্থলে বদলি ভি.এফ.এ মো. সোহেল রানা এবং এফ.এ (এআই) মাহমুদুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এলডিপি প্রকল্পের এলএসপি সোনিয়া আক্তার কারিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত ও ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। এতে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন মো. ওয়ালিউল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সেবক সমিতির সভাপতি খান মাহমুদ আরিফুল হক প্রমূখ।

বাগেরহাটে ব্র্যাকের বাছুর প্রদর্শণী মেলা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
ব্র্যাক কৃৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ৩৬ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডার খোলা গ্রামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের এ বাছুর প্রদর্শনী প্রতিযোগীতায় ১ম,২য় ও ৩য় স্থান বিজয়ীদের জন্য বিশেষ পুরুস্কারসহ ২৫জন খামারীকে পুরুস্কুত করা হয়। ১২০টি উন্নত জাতের বাছুর এ প্রতিযোগীতা অংশ নেয়। এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন বাগেরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ জয়দেব কুমার সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মো: ফখরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃঞ্চ মন্ডল, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো: আশরাফুল ইসলাম। ব্র্যাকের বাগেরহাট জেলা সমন্বয়ক মো: ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডা: আবু হানিফা, মো: আইয়ুব আলী এবং এরিয়া সেলস ম্যানেজার মো: নুর আলম। অনুষ্ঠানে ব্র্যাক এর সিমেন ব্যবহারকরী শ্রেষ্ঠ ২৫জন খামারীকে পুরষ্কার প্রদান ছাড়াও কৃত্রিম প্রজননের উপর নির্মিত নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো: আশরাফুল ইসলাম বলেন, সারাদেশ তিন মাসব্যাপী বাংলাদেশ সরকাররের প্রাণিসম্পদ অধিপ্তরের সহযোগিতায় এবং নির্দেশনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের গবাদি প্রাণিসমূহকে ব্র্যাকের সুদক্ষ রেজিস্টাট ভেটেরিনারিয়ানগণ দ্বারা ৫৩ টি হেলথ ক্যাম্প, ১০৬ টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবে। এছাড়া দেশব্যাপী ১৬ টি প্রোজেনি শোর মাধ্যমে ব্র্যাকের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনীর মাধ্যমে খামারিদের পুরষ্কার প্রদান করা হবে। ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদি প্রাণির চিকিৎসাসেবা খামারি দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেশবপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর জেলা প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। #

পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তিন দিনের সফরে আজ ১৯ জানুয়ারি খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২০ জানুয়ারি বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তিনি ২১ জানুয়ারি সকাল নয়টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন আয়োজিত ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে যোগদান করবেন। ঐদিন দুপুরে উপমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করবেন।

কর্মচারী কল্যাণ বোর্ডের বর্তমান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও চ্যালেঞ্জ বিষয়ে অবহিতকরণ কর্মশালা বুধবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মুঃ মোহসিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্তদের কর্তব্য। সরকারি কাজে নিযুক্ত ব্যক্তিরা ভালো থাকলে দেশের জনগণ তার সুবিধা ভোগ করবে। কর্মচারী কল্যাণ বোর্ডের আয়ের প্রধান উৎস সরকারি অনুদান ও সরকারি চাকুরিজীবীদের দেয়া চাঁদা। একই সাথে প্রক্রিয়াধীন কিছু প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে বোর্ডের আয় কিছুটা বাড়তে পারে। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে অর্থের সংস্থান আমাদের বাড়াতে হবে এবং সেজন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য দেশের আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল তৈরীর পরিকল্পনা রয়েছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বক্তৃতা করেন। কর্মশালায় কী-নোট পেপার উপস্থাপন করেন কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের একান্ত সচিব কে এম ইয়াসির আরাফাত। স্বাগত বক্তৃতা করেন কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ জিয়াউদ্দিন। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শরণখোলায় এক রাতে ৫ বাড়িতে চুরি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় একই গ্রামে এক রাতে সাংবাদিকের বাড়িসহ পাঁচ বাড়িতে চুরি হয়েছে। সিঁদ কেটে, জানালা ও ঘরের বেড়া ভেঙে এই চুরি সংঘটিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে। এসব বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। জানা যায়, চোরেরা দৈনিক আমাদের সময়ের শরণখোলা প্রতিনিধি মিজানুর রাকিবের ঘরের বেড়া ভেঙে একটি ল্যাপটপ এবং আলমারিতে থাকা ২০ হাজার টাকা নিয়ে। এছাড়া, একই গ্রামের একরাম গাজীর ঘরের জানালা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার, রিপন তালুকদারের ঘরে সিঁদ কেটে স্বার্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকার মালামাল, সালাম হাওলাদারের ঘরের বেড়া ভেঙে মূল্যবান কাপচোপড় এবং কলিম তালুকদারের বেড়া ভেঙে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র।
সাংবাদিক মিজানুর রাকিব জানান, তিনি রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ঘর তল্লাশি করে টেবিলে থাকা ল্যাপটপ ও আলমারিতে গচ্ছিত টাকা না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ চোরচক্র একই সময় তার গ্রামে আরো চার বাড়িতে চুরি করেছে। এঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, চুরির অভিযোগ পেয়ে ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়েছে। থানায় সাংবাদিক মিজানুর রাকিব লিখিত অভিযোগ করেছেন। চোরদের ধরার চেষ্টা করছে পুলিশ।

মহেশপুরে বিল বকেয়ায় পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার জলিলপুরের পানির পাম্পের বিল বয়েকা থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে পাম্পবন্ধ থাকায় পানির অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাম্পের আওতায় থাকা প্রায় ১৫০০ পরিবারের। পৌরসভার ৩ পাম্পে ২ কোটি ৬২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত বছরের ২৯ ডিসেম্বর জলিলপুর পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করলে আজ পর্যন্ত তা বন্ধ রয়েছে।
পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, আগের মেয়র বিল বয়েকা রেখে গেছে। সেই বিল সুদ বেড়ে এখন প্রায় ৩ কোটিতে পৌছিয়েছে। পৌরসভার সাধ্য অনুযায়ী পূর্বের ৬৬ লাখ টাকার বিল ইতো মধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়াও চলতি বিল পরিশোধ করা হচ্ছে। আগামী সপ্তাহে আরো ২৫ লাখ টাকা বিল পরিশোধ করা হবে। তবে অল্প আয়ের পৌরসভায় একবাবে এত টাকা বয়েকা পরিশোধ করা সম্ভব না বলেও জানান মেয়র।
মহেশপুর আবাসিক প্রকৌশলী সেকেন্দার হাসান জাহাঙ্গীর জানান, পৌরসভায় পাম্প গুলোতে বিল বকেয়া রয়েছে। যেকারণে উপরের নির্দেশে জলিলপুর পাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

মোটরসাইকেলের চেসিসে ছয় কোটি টাকার স্বর্ণ!
বেনাপোল প্রতিনিধি ।।
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলাট এলাকায় মোটরসাইকেলের চেসিসের মধ্য থেকে ৭ কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির-২১ ব্যাটালিয়নের সদস্যরা। এসব স্বর্ণের মূল্য পাঁচ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা স্বর্ণের বারসহ আটক করেন তাকে। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অপহরণের চারদিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি

নিখোঁজের চারদিন পর মাদ্রাসাছাত্র মো. রনিকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্টান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ওই ছাত্রকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রনি কুষ্টিয়ার খোকসা উপজেলার চৌরঙ্গী ইব্রাহিম জোয়ার্দার হিফজুল কোরআন নূরানি মাদ্রাসার ছাত্র ও গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রামের মো. তোফান প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসাছাত্র রনি শ্যাম্পু কিনতে চৌরঙ্গী বাজারে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে গত রোববার রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্টান্ড এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। সোমবার সকালে মাদ্রাসাছাত্রকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে ওই ছাত্রকে অজ্ঞান করে কৌশলে পাংশার মাছপাড়া নিয়ে যায়। চক্রটি তার বাবাকে ফোন করে টাকা দাবি করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ছাত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণকারী চক্রের কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি।’

১ ফেব্রুয়ারি থেকে খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা
স্টাফ রিপোর্টার
আগামী ১ ফেব্রুয়ারি থেকে খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে এ মেলা চলবে। তবে ছুটির দিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলা চলবে।
বইমেলা আয়োজন উপলক্ষে বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইউসুপ আলী। পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কামার মৈত্র।

সভায় জানানো হয়, মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা প্রাঙ্গণ ধুমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। এছাড়া শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থাও থাকবে।

সভায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল ১৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখে দৈনিক খুলনাঞ্চলসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে “মাছচুরি ঠেকাতে বৈদ্যুতিক তার, প্রাণ গেলো ঘের মালিকের” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে ঘটনার পাশকাটিয়ে মাছচুরি ঠেকাতে মৎস্য ঘেরে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মালিক কামাল হোসেন বিশ্বাস ওরফে কালু (৪০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয়েছে। সংবাদে আরো উল্লেখ করা হয় বাড্ডাগাতী গ্রামের মৎস্য ঘের মালিক হুমায়ুন কবির বিশ্বাস রুহের বিলে অবস্থিত মৎস্য ঘেরের মাছচুরি ঠেকাতে বাড়ি থেকে পল্লী বিদ্যুতের তার টেনে ঘেরের চারপাশে ছড়িয়ে রাখেন। দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে কামাল হোসেন বিশ্বাস ওরফে কালু ওই মৎস্য ঘেরে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এ সময় প্রতিবেশী পার্শ্ববর্তী ঘের মালিক কামাল বিশ্বাস সেলিমকে উদ্ধার করেত গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল বিশ্বাসের মৃত্যু হয়েছে এটা সত্য তবে মাছচুরি ঠেকাতে মৎস্য ঘেরে দেওয়া বৈদ্যুতিক দেয়ার ঘটনাটি মোটেই সত্য নয়। একটি মহল হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাহিত করার জন্য সংবাদিকদের কাছে মিথ্যা, কাল্পনিক, অসত্য তথ্য সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য আমরা খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে ঘটনার বিবরণ প্রদান করত: ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেছি। প্রকাশিত কাল্পনিক, মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
-মো. গওহর আলী বিশ্বাস

অভয়নগরে দিনমজুর পেটানোর ঘটনাই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ ; ওসির অস্বীকার
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমানের বিরুদ্ধে থানায় দিনমজুর রফিকুল ইসলামকে পেটানোর অভিযোগ দায়ের হয়েছে। গত ১৬ জানুয়ারি রফিকুল ইসলামের ছেলে আরমান শেখ বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন।
আরমান হোসেন তার অভিযোগে উল্লেখ করেছেন, চেয়ারম্যান তৈয়েবুর রহমান বিএনপি দলের হয়ে মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করে। তার পিতা আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। নির্বাচনে তার পিতা চেয়ারম্যানের কাজ না করায় পূর্ব থেকে ক্ষিপ্ত ছিলো। ভোটে জেতার পর চেয়ারম্যান এলাকার উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাত করছে বলে এলাকায় লোকমুখে প্রচার হয়েছে। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় তালতলা খেয়াঘাটে তার পিতা ও আরো কয়েকজ মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাৎ বিষয়ে কথা বলাবলি করছিলো। পরের দিন ১২ জানুয়ারি রাত সাড়ে আটটার সময় তার পিতাকে লোক মারফতে ডেকে নিয়ে যায়। চেয়ারম্যান তার পিতাকে চেয়ারম্যানের পুকুর পাড়ে অবস্থিত একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যান তার পিতাকে গালিগালাজ করে। এসময় চেয়ারম্যান তার পিতাকে তার লোকজনকে পেটাতে হুকুম দেয়। তার হুকুমে স্থানীয় বিভাগদি গ্রামের সঞ্জয় সেন(৩৭) ও মান্নন মোড়ল(৫০) লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় শরীরের নানা স্থানে পেটাতে থাকে। তার পিতার চিৎকার শুনে তার মা ও দাদী ছুটে এসে পিতার প্রাণ ভিক্ষা চায়। পরে চেয়ারম্যান তার পিতাকে ভালো হয়ে যাওয়ার কথা বলে ছেড়ে দেয়। তার পিতাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চার দিন চিকিৎসার পর বাড়ি নিয়ে আসে।
এ ঘটনায় সে (আরমান শেখ) বাদি হয়ে গত ১৬ তারিখ সন্ধ্যায় থানায় অভিযোগ করে। তার অভিযোগটি থানার ডিউটি অফিসার জমা নেন।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ আমি হাতে পায়নি।
মারপিটের শিকার রফিকুল ইসলাম অভয়নগর উপজেলার বিভাগদি গ্রামের আনোয়ার হোসেন মোল্যার ছেলে। তিনি একজন গাছ কাটা শ্রমিক। গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন প্রকল্পের (টিআর) আওতায় পত্রিকায় ‘রাস্তা মেরামত না করেই টাকা তুলে নিলেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামের একটি প্রতিবেদন সম্পর্কে তালতলা খেয়াঘাটে একটি চায়ের দোকানে লোকজনের সামনে আলোচনা করার সময় উপস্থিত থাকায় উপজেলার বাঘুটিয়ায় ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান ও তার সাঙ্গপাঙ্গ মিলে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রফিকুলকে বাড়ি থেকে ডেকে বিভাগদি পুকুরপাড়ে নিয়ে তাকে বাঁশের লাঠি ও চেয়ার দিয়ে বেদম প্রহার করে।
রফিকুল ইসলাম বলেন, আমি লেখাপড়া জানিনা। চেয়ারম্যান তৈয়েবুর রহমান সম্পর্কে পত্রিকার একটি নিউজ পড়ে চায়ের দোকানে লোকজন বলাবলি করছিল। সেখানে আমি বসে ছিলাম। আমি ওখানে এ ব্যাপারে কাউকে কিছু বলিনি। এরপর বৃহস্পতিবার রাত আটটার দিকে আমাকে বাড়ি থেকে ডেকে বিভাগদি পুখুরপাড়ে নিয়ে চেয়ারম্যান, বাঘুটিয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে, ইকবাল হোসেন ও বিভাগদি গ্রামের গনেশ সেনের ছেলে সঞ্জয় সেন মিলে বাঁশের লাঠি ও চেয়ার দিয়ে আমার মাথা থেকে শুরু করে হাত, পা, কোমরসহ সারা শরীরে বেদম মারপিট করে। চেয়ারে থাকা লোহা শরীরের অনেক স্থানে বিদ্ধ হয়েছে।
রফিকুলের স্ত্রী পারভীন বেগম জানান, আমার স্বামী একজন দিনমজুর। সে লেখাপড়া জানেনা এবং নিরিহ প্রকৃতির। একটি চায়ের দোকানে চেয়ারম্যানের রাস্তার কাজ নিয়ে কথা হচ্ছিল। সে খোনে বসেছিল। এরবাইরে চেয়াম্যান সম্পর্কে কোথাও কোন আলোচনা করেনি। অথচ অন্যায় ভাবে আমার স্বামীকে মারপিট করা হয়েছে। এলাকার অর্জুন সেন সাথে করে থানায় নিয়ে গিয়েছিল। সেখানে পুলিশ হাসপাতালে ভর্তি হতে বলে । পরবর্তিতে তারা ব্যবস্থা নিবে বলে যানিয়েছে। আমরা লেখা পড়া যানিনা বলে এখনও মামলা করতে পারিনি। আমার স্বামী বর্তমানে হাসপাতালে বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে।
জানতে চাইলে অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক অর্জুন সেন বলেন, পত্রিকায় চেয়ারম্যান সম্পকে একটি নিউজ নিয়ে আলোচনার স্থানে রফিকুল বসে ছিল।রফিকুল অত্যন্ত নিরিহ প্রকৃতির এবং আমাদের আওয়ামী লীগের এক জন কর্মী । চেয়ারম্যান তৈয়েবুর রহমান বিএনপি সমার্থক। এই জন্য চেয়ারম্যান তাকে মেরেছে। এব্যপারে মামলা প্রস্তুত করা হচ্ছে।
জানতে চাইলে চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন,‘ কয়েকদিন আগে পত্রিকায় আমার সম্পর্কে রাস্তার কাজ নিয়ে একটি নিউজ এসেছে।এরপর আমি ঢাকায় ছিলাম। রফিকুল উপজেলার বাঘুটিয়া, বুনোরামনগর, শংকরপাশাসহ বিভিন্ন জাগায় যেখানে সে কাজ করে সেখানে গিয়ে বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যান রাস্তার টাকা মেরে ঢাকায় পালিয়ে গেছে।তাই তাকে মারপিট করেছি।’