Home জাতীয় তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলি, রোহিঙ্গা নিহত

তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলি, রোহিঙ্গা নিহত

8

খুলনাঞ্চল রিপোর্ট।।
কয়েকদিন শান্ত থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে।
নিহত রোহিঙ্গার নাম হামিদ উল্লাহ (২৭)। আর আহত হয়েছেন মহিদ উল্লাহ (২৫)।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বিষটির নিশ্চিত করে জানিয়েছেন, সকাল থেকে তুমব্রু সীমান্তের শূন্যরেখায় থেমে থেমে গোলাগুলির খবর স্থানীয়দের মাধ্যমে জেনেছেন।

ইউএনও আরও বলেন, ঘটনাটি যেহেতু শূন্যরেখায় সেখানে আন্তর্জাতিক রীতিমতে বিজিবিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। তারপরও সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, সকাল থেকে অব্যাহত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সেখানে কী হচ্ছে বলা যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।